বরিশাল, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের মা হেনোয়ারা বেগমের সাক্ষ্য নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কর্মকর্তা।
সোমবার বিকেল ৫টায় ঝালকাঠি সার্কিট হাউজে এ সাক্ষ্য নেওয়া হয় বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার শওকত আকবর।
তিনি প্রায় এক ঘণ্টা লিমনের মায়ের কথা শোনেন এবং তার বক্তব্য লিপিবদ্ধ করেন।
গত ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুরে লিমন আহত হন। লিমনের দাবি, র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়। রাজাপুরের স্থানীয় অধিবাসীদের বেশিরভাই লিমনের বক্তব্য সমর্থন করেন।
এদিকে লিমনের বিরুদ্ধের্যাব দুটি মামলা দায়ের করে। এই দুই মামলাতেই লিমন এখন জামিনে মুক্ত আছেন।
বর্তমানে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার শওকত আকবর গত ৭ মে প্রথম রাজাপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন । ১২ মে দ্বিতীয়বারের মতো তিনি রাজাপুরে তদন্তে যান এবং এলাকাবাসী ও প্রতক্ষদর্শীদের সাক্ষ্য নেন।
শওকত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই ঘটনা তদন্তের জন্য লিমনের মায়ের সাক্ষ্য নেওয়া জরুরি ছিলো।
"এ পর্যন্ত ১৫/২০ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সেখান থেকে পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আরো কারো সঙ্গে কথা বলার প্রয়োজন মনে হলে তাদের সঙ্গেও কথা বলা হবে।"
লিমনের মা হেনোয়ারা বেগম সাংবাদিকদের বলেন, র্যাব তার নির্দোষ ছেলেকে গুলি করে পঙ্গু করেছে।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সরকারের সহানুভূতির জন্য তিনি আবেদন করেছেন বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/পিডি/২০২০ ঘ.
bdnews24