২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ভাড়া বাড়ছে কিলোতে ৩৫ পয়সা

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও সিএনজি অটোরিকশার ভাড়া প্রতি কিলোমিটারে ৩৫ ও ৫০ পয়সা করে বাড়ানো হয়েছে। নতুন ভাড়া কার্যকর হবে ১৯ মে থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া প্রতি কিলোমিটারে ৩৫ ও ৫০ পয়সা করে বাড়ানো হয়েছে। সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ে পরিবহন মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠকের পর যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানান, গেজেট জারি হলে আগামী ১৯ মে থেকে এই নতুন ভাড়া কার্যকর হবে। সরকার গত ১২ মে সিএনজির দাম প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে প্রতি ঘনমিটার ২৫ টাকা নির্ধারণ করে সরকার। এরপর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী বাস ও সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ইচ্ছেমাফিক বাড়িয়ে দেন মালিকরা। ফলে গণ পরিবহন নিয়ে সৃষ্টি হয় নৈরাজ্য। এই পরিপ্রেক্ষিতে যাত্রিবাহী মোটরযানের ভাড়া পুনর্র্নিধারণের জন্য এই বৈঠক ডাকে মন্ত্রণালয়। বৈঠক শেষে যোগাযোগ সচিব মোজাম্মেল হক খান সাংবাদিকদের বলেন, বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ২০ পয়সা থেকে ৩৫ পয়সা বাড়িয়ে ১ টাকা ৫৫ পয়সা করা হয়েছে। আর মিনিবাসের ভাড়া ১ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। এছাড়া বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৯৪ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ১ টাকা ১৫ পয়সা। সিএনজি অটোরিক্সার ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ছে ৫০ পয়সা। ৭ টাকা থেকে বেড়ে হচ্ছে ৭ টাকা ৫০ পয়সা। আর বিরতিকালে প্রতি মিনিটের ভাড়া ১টাকা ২৫ পয়সা থেকে বড়িয়ে ১ টাকা ৩০ পয়সা করা হয়েছে। তবে অটোরিক্সার সর্বনিু ভাড়া ২৫ টাকাই থাকছে। বৈঠকের শুরুতে মন্ত্রী বলেন, সরকার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৩০ পয়সা করে বাড়ানোর কথা ভাবছে। এর বিরোধিতা করে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা প্রতি কিলোমিটারে ভাড়া ৪০ পয়সা বৃদ্ধি এবং সর্বনিু ভাড়া ১০ টাকা করার দাবি জানান। আলোচনার পর ভাড়া ৩৫ পয়সা বৃদ্ধি ও সর্বনিু ভাড়া ৭ টাকা করার সিদ্ধান্ত হয়। বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান জানান, ভাড়া পুননির্ধারণের জন্য গত রোববার ১২ সদস্যের একটি কমিটি করা হয়। পরিবহনের দাম, জ্বালানি খরচ, টায়ার-টিউব ও যন্ত্রাংশ সংযোজন, শ্রমিক খরচসহ ২০টি মানদণ্ডের ভিত্তিতে ভাড়া পুনর্র্নিধারণের প্রস্তাব করে এই কমিটি। এছাড়া পরিবহনের ভাড়া প্রতি বছর নিয়মিতভাবে পুনর্র্নিধারণের জন্যও কমিটি সুপারিশ করেছে বলে আইয়ূবুর রহমান জানান। তবে কমিটির এই প্রস্তাবে বিভিন্ন খাতে খরচের হিসাব সঠিকভাবে আসেনি উল্লেখ করে বাংলাদেশ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ খান বলেন, "অনেক ক্ষেত্রেই খরচ কমিয়ে দেখানো হয়েছে।" যোগাযোগ মন্ত্রী জানান, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট বাহনের রুট পারমিট বাতিল করা হবে। এ ব্যাপারে পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতা চান তিনি। এছাড়া গেজেট জারির আগে কেউ যাতে অতিরিক্ত ভাড়া আদায় না করে- সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সভায় মালিক ও শ্রমিক নেতারা পরিবহন ব্যবসাকে শিল্পের মর্যাদা দেওয়া এবং বিভিন্ন এলাকায় পৌর টোল আদায়ের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান। এ ব্যাপারে যোগাযোগ মন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করেন তারা। নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, পরিবহন মালিক নেতা মশিউর রহমান রাঙ্গা, সোহেল তালুকদারসহ সংশ্লিস্ট বিভাগের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/জেকে/২১১৩ ঘ.