বরিশাল, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি মাছের আড়তে একদল ডাকাত নগদ টাকা ও মাছসহ ৮ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছে চার জন।
সোমবার প্রথম প্রহরে উপজেলার গবিন্দপুর ইউনিয়নে আলতু সরদারের মাছের আড়তে এ ঘটনা ঘটে।
আলতু সরদার জানান, ২২-২৩ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে আড়তে হানা দেয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতরা আড়তে থাকা নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, ৮ মন ইলিশ মাছ, ১১টি মোবাইল সেট ও টিভিসহ আরো পৌনে চার লাখ টাকার মালামাল লুট করে। এ সময় তারা চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি জুলফিকার মোহাম্মদ গাজ্জালী জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬৫২ ঘ.
bdnews24