২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধন 'রায়ের কপি না পাওয়ায় সিদ্ধান্তে আসা যাচ্ছে না'

সংবিধান সংশোধনের জন্য আদালতের তিনটি রায় নিয়ে পর্যালোচনা শুরু করলেও রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়ায় সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না এ সংক্রান্ত বিশেষ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 10:57 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের জন্য আদালতের তিনটি রায় নিয়ে পর্যালোচনা শুরু করলেও রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়ায় সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না এ সংক্রান্ত বিশেষ কমিটি। সংবিধানের পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায় পর্যালোচনা করতে সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটি সোমবার সকালে সংসদ ভবনে বৈঠকে বসে। বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে কমিটির কো চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত জানান, আগামী ২৬ মে রায় পর্যালোচনা করতে ফের বসবেন কমিটির সদস্যরা। এর মধ্যেই রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়া যাবে বলে তারা আশা করছেন। তিনি বলেন, "সংবিধানের সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী সংক্রান্ত রায়ের পূর্ণাঙ্গ কপি না পাওয়া পর্যন্ত বিশেষ কমিটি কোনো সিদ্ধান্তে আসতে পারছে না।" সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে উচ্চ আদালতের দেওয়া রায়ের আলোকে সংবিধান সংশোধনের জন্য গত বছরের ২১ জুলাই এই বিশেষ কমিটি গঠন করে সরকার। তার পর থেকে এ পর্যন্ত ২৪টি বৈঠক করেছেন কমিটির সদস্যরা। এ বিষয়ে সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, সাবেক প্রধান বিচারপতি, আইনজ্ঞ, বিশিষ্টজন ও সম্পাদকদের মতামতও নিয়েছে কমিটি। সুরঞ্জিত বলেন, "এ পর্যায়ে তিনটি রায়ের সবটুকুই কমিটির বিবেচ্য নয়। তবে কিছু জায়গায় রায়ের পূর্ণাঙ্গ কপি না পেয়ে কোনো আলোচনা করা যাচ্ছে না। এ জন্য সপ্তম ও ত্রয়োদশ সংশোধনীর পূর্ণাঙ্গ জাজমেন্টের উপর আমরা জোর দিচ্ছি।" সংসদের নবম অধিবেশনেই কমিটি প্রতিবেদন দেবে বলেও উল্লেখ করেন তিনি। গত বছরের ২ ফেব্র"য়ারি পঞ্চম সংশোধনী বাতিল করে আদালত চূড়ান্ত রায় দিলে জিয়াউর রহমানের শামরিক শাসন অবৈধ হয়ে যায়। এরপর ২৬ অগাস্ট হাইকোর্ট সপ্তম সংশোধনীকেও সংবিধান পরিপন্থী ঘোষণা করে। এতে এরশাদের ক্ষমতা দখল এবং তার শাসনকালও অবৈধ হয়ে যায়। সুপ্রিম কোর্ট রোববার হাইকোর্টের ওই রায় বহাল রাখে। সর্বশেষ গত বুধবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল হয়ে যায়। অবশ্য আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দিয়েছে আদালত। সর্বোচ্চ আদালত বলেছে, বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ দিয়ে সংসদ এ সরকার পদ্ধতি সংস্কার করতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৬৪৩ ঘ.