নারায়ণগঞ্জ, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুন করার পর নারায়ণগঞ্জের ব্যবসায়ী আশিকুল ইসলামের চেহারা পুড়ে বিকৃত করা হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।
বুধবার রাতে নিখোঁজ আশিকের লাশ পাওয়া যায় শনিবার দুপুরে। রোববার বিকালে শহরের মাসদাইর কবরস্থানে দাফন করা হয়েছে।
এর আগে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ শহরের খানপুরে তাদের বাসায় আনা হয়।
আশিকুল ইসলাম (৩০) শহরের খানপুরের সলিমুল্লাহ রোড এলাকার প্রয়াত নুরুল ইসলামের ছেলে। তিন ভাইয়ের মধ্যে আশিকুল সবার ছোট। তিনি গার্মেন্টসের স্টকলটের ব্যবসা করতেন।
হাতের আংটি এবং একটি অপারেশনের দাগ দেখে তার লাশ শনাক্ত করা হয় বলে আশিকের বড়ভাই নাইমুল ইসলাম জানান।
নাইমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সিদ্দিক নামের এক যুবক ফোনে আশিককে বাড়ি থেকে বের হতে বলে। কিন্তু সে বের না হলে একটি মোবাইল এসএমএস পাঠায়।
এরপর সে বের হয়। রাত ১১টায় বাড়ির সামনে একটি রিকশাভ্যানে বসে আশিক, শহরের খানপুরের সিদ্দিক ও চাষাঢ়ার সিজারকে কথা বলতে দেখা যায়।
রাত সোয়া ১১টা থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে আশিক নিখোঁজ বলে তার ভাই জানান।
এ ব্যাপারে সিদ্দিককে জিজ্ঞেস করলে বলে, সিজার তাকে বলেছে আশিককে ডেকে দেওয়ার জন্য। আর কিছু সে জানে না।
তিনি বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তারা যে লাশটি দেখেন তার চেহারা পুড়ে বিকৃত করা হয়েছে। ওই লাশের হাতে আংটি এবং পেটের ডান দিকে অপারেশনের দাগ দেখে তারা অশিকের লাশ শনাক্ত করেন।
আশিকের হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, সিজার ও সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য বের হয়ে আসবে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা জানান, শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মেঘনা অয়েল ডিপোর পেছনে এসও এলাকার শীতলক্ষ্যা নদীতে লাশটি পাওয়া যায়।
লাশ সিদ্ধিরগঞ্জে উদ্ধার হলেও মামলা হবে নারায়ণগঞ্জ সদর মডেল থানায়। কারণ আশিক নিখোঁজ হওয়ার পর তার পরিবার নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে, বলেন তিনি।
বিকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, এখনো আশিকের পরিবার অভিযোগ করেনি। তাদের খবর দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৭ ঘ.
bdnews24