২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদায় সংবর্ধনা নেবেন না প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায়ী সংবর্ধনা গ্রহণ করবেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 03:49 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিদায়ী সংবর্ধনা গ্রহণ করবেন না। রোববার সুপ্রিম কোর্টের নিবন্ধক মো. আশরাফুল ইসলাম আইনজীবী সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজা বাদলকে এক চিঠিতে বিষয়টি জানিয়েছেন। চিঠিতে বলা হয়, 'বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে মাননীয় প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে সংবর্ধনা দেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে। এতে প্রধান বিচারপতি অত্যন্ত সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।' 'কিন্তু উক্ত অনুষ্ঠানে মহোদয়ের উপস্থিত থাকা সম্ভব হবে না। এতে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করে অপারগতা জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সমিতির সকল সদস্যগণকে প্রাণঢালা অকৃত্রিম শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানিয়েছেন।' এর আগে সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজা বাদল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রধান বিচারপতির একান্ত সচিবকে পাঠানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, 'প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ উপলক্ষে ১৬ মে দুপুর সাড়ে বারোটায় ১ নম্বর বিচারকক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা জানানো হবে।' সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, সমিতির সভাপতি বা সম্পাদক কেউই প্রধান বিচারপতিকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ব্যক্তিগতভাবে দাওয়াত দেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/পিডি/২১৪৬ ঘ.