ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমানা নিষ্পত্তি না করে তফসিল ঘোষণা করায় চার জেলার ১০ ইউনিয়নের নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
একটি রিট আবেদনের শুনানি শেষে রোববার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ আদেশ দেয়।
ইউনিয়নগুলো হচ্ছে- চাঁদপুর জেলার চরভৈরবী, নীলকমল, দুর্গাপুর নর্থ, দুর্গাপুর সাউথ, আলগি দুর্গাপুর এবং গাজীপুর, বরিশালের হিজলা-গৌরবদী, শরীয়তপুরের কুচাইপট্টি এবং আলাওলপুর (গরিবের চর) ও চট্টগ্রামের সাতকানিয়া।
আদেশের পর রিটকারীদের আইনজীবী মনজিল মোরসেদ সাংবাদিকদের জানান, নদী ভাঙনে এসব ইউনিয়নের সীমানা পুনর্নির্ধারণের প্রয়োজন দেখা দেয়। তাই গত ১২ এপ্রিল এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) লিগ্যাল নোটিশও দেওয়া হয়।
তিনি বলেন, কিন্তু ইসি এর জবাব না দেওয়ায় ওইসব এলাকার সম্ভাব্য প্রার্থীরা ১৮ এপ্রিল রিটটি দায়ের করে। কিন্তু এর মধ্যেই তফসিল ঘোষণা করায় বিষয়টি আদালতকে জানানো হলে আদালত নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করে দেয়।
আদালতে মনজিল মোরসেদকে সহায়তা করেন অ্যাডভোকেট মির্জা সালাহউদ্দিন আহমেদ এবং সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট করুণাময় চাকমা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/আরএ/১৪১৪ ঘ.
bdnews24