২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনেভা গেলেন প্রধানমন্ত্রী

ষষ্ঠদশ বিশ্ব আবহাওয়া কংগ্রেস ও ৬৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে জেনেভার পথে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 04:52 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষষ্ঠদশ বিশ্ব আবহাওয়া কংগ্রেস ও ৬৪তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে যোগ দিতে জেনেভার পথে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে রোববার ভোর সোয়া ৪টার দিকে শাহজালাল বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডের উদ্দেশে রওনা হন। বিমানবন্দরে তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্য এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর একদিন আগেই ১৪ দিনের সফরে ইউরোপ যান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা সাংবাদিকদের জানান, চার দিনের সরকারি সফরে মঙ্গলবার বিশ্ব আবহাওয়া কংগ্রেসের অধিবেশনে ভাষণ দেবেন শেখ হাসিনা। পরদিন বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বক্তব্য দেবেন তিনি। জাতিসংঘের বিশেষ সংস্থা বিশ্ব আবহাওয়া কংগ্রেসের ষষ্ঠদশ বৈঠক উদ্বোধন হবে সোমবার। ১৮৯টি সদস্য রাষ্ট্রের এ কংগ্রেসে আবহাওয়া, জলবায়ু পরিবর্তন, পানি সমস্যাসহ পরিবেশগত নানা দিক নিয়ে আলোচনা করবেন রাষ্ট্র ও সরকার প্রধানরা। আগামী মঙ্গলবার থেকে শুরু হওয়া স্বাস্থ্য সম্মেলনে এইডস মোকাবেলার কৌশল পর্যালোচনা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রণীত স্বাস্থ্য কৌশল নিয়ে আলোচনা হবে। এ সম্মেলন চলবে ২৪ মে পর্যন্ত। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এমএ করিম, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস প্রমুখ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, সরকারি সফরের পর প্রধানমন্ত্রী ব্যক্তিগত সফরে প্যারিস হয়ে কানাডা যাবেন। টরোন্টোতে মেয়ে শেখ সায়মা হোসেনের সঙ্গে মিলিত হবেন তিনি। দেশে ফেরার পথে ২৬ মে প্যারিসে 'গ্লোবাল ইনিশিয়েটিভ অন গার্লস অ্যান্ড উইমেন এডুকেশন'র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর ২৮ মে তার ঢাকা ফেরার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১০৪৫ ঘ.