২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামপালে কোস্টগার্ডের গাড়িচাপায় স্কুলছাত্র নিহত

বাগেরহাটের রামপাল উপজেলায় কোস্টগার্ডের গাড়িচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

বাগেরহাট, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের রামপাল উপজেলায় কোস্টগার্ডের গাড়িচাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে মহাসড়কের রামপাল উপজেলার বাবুর বাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত মো. জসিম (১১) ভেকটমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। রামপাল থানার উপ-পরিদর্শক মো. শফিউদ্দিন সাংবাদিকদের জানান, জসিম দোকান থেকে ডিম কিনে রাস্তা পার হওয়ার সময় কোস্টগার্ডের একটি পিকআপ তাকে চাপা দেয়। হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি বলে জানান এসআই। কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মো. আমিনুল ইসলাম খানসহ উর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনার পর জসিমের বাড়ি যান ও তার পরিবারকে সহমর্মিতা জানান। পরে তারা বিকেলে জসিমের জানাজায় অংশ নেন। কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডার মো. আমিনুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় কোস্টগার্ডের চিকিৎসক মেজর মাহাবুবকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাড়ী চালককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জসিমের পরিবারকে সাধ্যমতো সহযোগিতা করা হবে বলে জানান আমিনুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/২১৪১ ঘ.