২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে হাম, ডায়রিয়া ও নিউমোনিয়া

বান্দরবানের লামা উপজেলায় আদিবাসী অধ্যুষিত আমতলী মুরং পাড়ায় হাম, ডায়রিয়া, নিউমোনিয়া ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 03:04 PM

বান্দরবান, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের লামা উপজেলায় আদিবাসী অধ্যুষিত আমতলী মুরং পাড়ায় হাম, ডায়রিয়া, নিউমোনিয়া ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। গত তিনদিনে স্থানীয়রা চার শিশুর মৃত্যুর হয়েছে বলে জানালেও স্বাস্থ্য কর্মকর্তারা স্বীকার করেছেন তিনজনের মৃত্যুর কথা। এছাড়া আক্রান্ত হয়েছে দুই শতাধিক শিশু। তাদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং স্থানীয়ভাবে মেডিক্যাল টিমের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সিভিল সার্জন ও লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান। বান্দরবানের সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার সরই ইউনিয়নের মুরং অধ্যুষিত আমতলী, লেমুপালং এলাকায় হাম, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ২৮ জনকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। ইতোমধ্যে ১১জন পুরোপুরি সুস্থ হলে তাদের থেকে ছেড়ে দেওয়া হয়। বাকি ১৭জনকে হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। তিনি বলেন, শুক্রবার হাসপাতালে একজন ও আমতলী পাড়ায় নিজ বাড়িতে গত মঙ্গলবার আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শফিউর রহমান শনিবার দুপুরে জানান, প্রচণ্ড গরম, বৈরী আবহাওয়া এবং বিশুদ্ধ পানির অভাবে এ হাম, ডায়রিয়া ও নিউমোনিয়া দেখা দিচ্ছে। সরই ইউনিয়নে নিউমোনিয়া, হাম ও ডায়রিয়ায় আক্রান্ত ১১০ জনকে এ পর্যন্ত রোগ প্রতিরোধক টিকাসহ চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান। স্বাস্থ্য কর্মকর্তা আরো বলেন, প্রত্যেক ইউনিয়নে একটি করে মেডিকেল টিম গঠন করে রোগী শনাক্ত ও চিকিৎসার কাজ করা হচ্ছে। সরই ইউনিয়নের আমতলী পাড়ার মোরাউ মুরং সাংবাদিকদের জানান, তার ৭ বছরের মেয়ে চংসাই মুরং, ৬ বছরের মেয়ে চামরুং ও ২ বছরের ছেলে মেনপ্রে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়া একই পাড়ার ইয়ংরিং মুরংয়ের ৫ বছরের ছেলে মেনতন মুরংও মারা যায়, বলেন তিনি। আমতলী পাড়া প্রধান (কারবারী) মেনপয় মুরং সাংবাদিকদের জানান, আমতলী ও দেওয়ান পাড়ায় অর্ধশতাধিক শিশু হামে আক্রান্ত হয়েছে। লামায় কর্মরত বেসরকারি সংস্থা (এনজিও) এনজেড একতা মহিলা সমিতি'র কর্মসূচি পরিচালক অজিত দাশ সাংবাদিকদের বলেন, বুধবার তাদের সংগঠন ও ইউএনডিপির ৬ সদস্যের একটি মেডিকেল টিম আক্রান্ত এলাকাগুলোতে গিয়ে চিকিৎসা সেবা দিয়েছে। রূপসী পাড়া ইউনিয়নের কম্পংপাড়ার লম্পা মুরং ও মানপ্র" মুরং সাংবাদিকদের জানান, তাদের ইউনিয়নের কম্পং পাড়ায় ২৫ জন, লুলেং পাড়ায় ১৬, অমই পাড়ায় ১৫ ও বলু পাড়ায় ৩০ জন হাম ও ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এর আগে এপ্রিল মাসে লামার পাশের আলীদকম উপজেলার মুরং অধ্যুষিত পোয়ামুরীর ১১টি পাড়ায় হাম, ডায়রিয়া ও বসন্ত (চিকেন পক্স) রোগে বেশকিছু শিশুর মৃত্যু হয়। আক্রান্ত হয় দুই শতাধিক। তখন সেনাবাহিনীর মেডিকেল টিম ১৭ জনের মৃত্যুর খবর স্বীকার করে। এছাড়া এপ্রিলের প্রথম সপ্তাহে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের বিল পাড়াতেও ডায়রিয়া ও হামে তিন শিশুর মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৩৩ ঘ.