২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য সফরে খালেদা

লন্ডনের পথে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া। ১৪ দিনের এ সফরে তিনি যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রেও যাবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2011, 05:07 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লন্ডনের পথে ঢাকা ছেড়েছেন খালেদা জিয়া। ১৪ দিনের এ সফরে তিনি যুক্তরাজ্যের পর যুক্তরাষ্ট্রেও যাবেন। শাহজালাল বিমানবন্দর থেকে শনিবার সকাল পৌনে ১০টায় এমিরেটসের একটি উড়োজাহাজে লন্ডন রওনা হন বিএনপি চেয়ারপারসন। তার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুক্তরাজ্য থেকে ২১ মে খালেদা যুক্তরাষ্ট্র যাবেন। লন্ডনে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে খালেদার দেখা হবে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক দুই বছরের বেশি সময় ধরে সপরিবারে লন্ডন রয়েছেন। দেশে তার বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা রয়েছে। গত নির্বাচনের পর খালেদা এই প্রথম যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে গেলেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন উপদেষ্টা ওসমান ফারুক, বিএনপির সহসভাপতি শমসের মবিন চৌধুরী, প্রেসসচিব মারুফ কামাল, সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ, বিএনপির প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ। একই বিমানে খালেদার উপদেষ্টা রুহুল আলম চৌধুরী রওনা হতে চাইলেও বিমানবন্দরে কর্মকর্তারা তাকে আটকে দেয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন। এদিকে খালেদাকে বিদায় জানাতে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী বিমানবন্দরে গেলেও তাদের টার্মিনালের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এ দুটি ঘটনায় দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিমানবন্দরে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন- খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, এমকে আনোয়ার, মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ফখরুল ইসলাম আলমগীর, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, আবদুল্লাহ আল নোমান, সাদেক হোসেন খোকা, ফজলুর রহমান পটল, আমান উল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, এম ইলিয়াস আলী, মজিবর রহমান সরোয়ার, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিবউন নবী খান সোহেল, শিরিন সুলতানা, সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ। যুক্তরাষ্ট্র থেকে ২৭ মে রওনা হয়ে ২৯ মে খালেদার দেশে ফেরার কথা রয়েছে। মারুফ জানান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরকালে বিএনপি চেয়ারপারসন দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক নানা দিক নিয়ে আলোচনা করবেন। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১১০০ ঘ.