যশোর, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর শিক্ষা বোর্ডে এবার রেকর্ড সংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ বোর্ডে উত্তীর্ণের হার ৮৪ দশমিক ০৪, যা স্বাধীনতা পরবর্তী সময়ের মধ্যে সর্বোচ্চ।
বৃহস্পতিবার দুপুর ২টায় ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. সেলিম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
শিক্ষাবোর্ডে ১ লাখ ২৭ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১ লাখ ৭ হাজার ৪৩০ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণের হার ৮৪ দশমিক ০৪। গত বছর পাসের হার ছিলো ৭৯ দশমিক ১৮। এছাড়া এবছর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৭৩ জন।
সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠান
এবারও সেরা ২০-এর মধ্যে প্রথম হয়েছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এ প্রতিষ্ঠান থেকে ৪৭ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
এছাড়া দ্বিতীয় স্থানে পুলিশ লাইন স্কুল, তৃতীয় যশোরের শেখ আকিজ উদ্দিন স্কুল, চতুর্থ খুলনার ফুলতলা মিলিটারি স্কুল, পঞ্চম খুলনার করেনেশন গার্লস স্কুল, ষষ্ঠ খুলনা জিলা স্কুল, সপ্তম কুষ্টিয়া জিলা স্কুল, অষ্টম যশোর দাউদ পাবলিক স্কুল, নবম যশোর জিলা স্কুল এবং ১০ম স্থানে রয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়।
৭ স্কুলে শতভাগ উত্তীর্ণ
বোর্ডের সাতটি স্কুল থেকে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে সবাই জিপিএ-৫ পেয়েছে।
এছাড়া পুলিশ লাইন স্কুল, যশোরের ঝিকরগাছা শেখ আকিজ উদ্দিন স্কুল, দাউদ পাবলিক স্কুল, যশোর সরকারি বালিকা বিদ্যালয়, কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল ও খুলনা সরকারি বালিকা বিদ্যালয় থেকে শতভাগ উত্তীর্ণ হয়েছে।
পুনঃনিরীক্ষণের সময়সীমা ৩০ দিন
ফলাফলে ভুলত্র"টি থাকলে তা সংশোধনের জন্য ৩০দিনের সময় বেঁধে দিয়েছে যশোর শিক্ষাবোর্ড। নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে লিখিতভাবে আবেদন জানাতে হবে।
যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. সেলিম জানান, পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১৪ মে থেকে ২১ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১১৯ ঘ.
bdnews24