চট্টগ্রাম, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অগাস্ট থেকে চট্টগ্রামে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ছে।
বৃহস্পতিবার বিকালে নগরীর আগ্রাবাদে চিটাগাং চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই) কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সানোয়ার হোসেন চৌধুরী।
'ডিরেক্ট সেলস অব গ্যাস ফ্রম দি ব্লক সিক্সটিন ফিল্ডস টু দ্যা কনজিউমারস ইন চিটাগাং রিজিয়ন' শিরোনামের এ মত বিনিময় সভায় চেম্বার, কেজিডিসিএল, সান্টোস সাঙ্গু, বিজেএমইএ ও বিকেএমই'র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সানোয়ার হোসেন চৌধুরী বলেন, "সেমুতাং গ্যাস ক্ষেত্র থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত ৬৫ কিলোমিটার গ্যাস সরবরাহ লাইন নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী অগাস্টের মধ্যে এ কাজ শেষ হলে চট্টগ্রামে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।"
গত ২০ এপ্রিল দুটি দেশি ঠিকাদার প্রতিষ্ঠান টেকনিত কন্সট্রাকশন ও পাইপলাইন ইঞ্জিনিয়ার্স এন্ড এসোসিয়েটসের সঙ্গে গ্যাস সরবরাহ লাইন স্থাপনে এক চুক্তি স্বাক্ষর করেছিল কেজিডিসিএল।
চুক্তি অনুসারে ছয় মাসের মধ্যে সরবরাহ লাইন নির্মাণের কাজ শেষ করতে হবে।
গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান সান্টোস সাঙ্গু ফিল্ড লিমিটেড'র সভাপতি জন চেম্বার বলেন, "বঙ্গোপসাগরের তীরবর্তী ব্লক-১৬তে সান্টোস সাঙ্গুর পক্ষ থেকে গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এখান থেকে প্রাপ্ত গ্যাস ২০১২ সালের শুরুতে সরাসরি চট্টগ্রামে সরবরাহ করা হবে।"
চট্টগ্রামের গ্যাস সংকটের চিত্র তুলে ধরে চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রামে দৈনিক ৩৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ সর্বোচ্চ ২২০ মিলিয়ন ঘনফুট।
"পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে গড়ে তোলা শিল্প কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। বাতিল হচ্ছে বিদেশি ক্রেতাদের ক্রয় আদেশ।"
সানটোস সাঙ্গু ও কেজিডিসিএল'র উদ্যোগকে স্বাগত জানান চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা।
মত বিনিময় সভায় চেম্বারের পরিচালকরা, কোরিয়ান ইপিজেড'র মহাব্যবস্থাপক কর্নেল শাহজাহান, পিএইচপি গ্র"পের পক্ষে আলী হোসেন, ট্রেড বডি নেতা আনামুল হক ইকবাল, বিএসআরএম, কেডিএস, তাহের গ্র"পসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, সান্টোস সাঙ্গু ফিল্ড লিমিটেডের সহ-সভাপতি (পরিকল্পনা ও কমার্শিয়াল) অজয় নামবির উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২০৪৪ ঘ.
bdnews24