২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে শান্তি চুক্তির পক্ষ ও বিপক্ষের মধ্যে গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়িতে আধিপত্য নিয়ে পার্বত্য শান্তি চুক্তির পক্ষ ও বিপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

রাঙামাটি, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির বাঘাইছড়িতে আধিপত্য নিয়ে পার্বত্য শান্তি চুক্তির পক্ষ ও বিপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। বাঘাইছড়ি ইউনিয়নের বড় কজোইছড়ি এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ লড়াই বেধে যায়। প্রায় তিন ঘণ্টা থেমে থেমে বন্দুকযুদ্ধ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এলাকাবাসীরা জানান, শান্তি চুক্তির বিপক্ষের সদস্যরা বড় কজোইছড়ি এলাকায় অবস্থান নিয়ে সকালে ফাকাঁ গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এসময় শান্তিচুক্তির পক্ষের সদস্যরা নিজেদের উপস্থিতি জানাতে পাল্টা গুলি ছোড়ে। এতে সকাল ৭টার দিকে উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ বেধে যায়। সকাল ১০টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি হয়। গোলাগুলির খবর পেয়ে বিডিআরের একটি টহল দল ঘটনাস্থলে গেলে উভয় পক্ষ এলাকা ত্যাগ করে। বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদ জানান, তারা দুই পক্ষের মধ্যে গোলাগুলির কথা শুনেছেন তবে আহত হওয়ার কথা শোনেননি। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশিরুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোলাগুলির খবর পেয়ে বিডিআরের একটি টহল দল ঘটনাস্থলে গেছে। তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭১৪ ঘ.