২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বিদ্যুৎ বিভাগের ৩ কর্মীর বিরুদ্ধে দুদকের মামলা

স্টোর রুমে সংরক্ষিত বিদ্যুৎ সামগ্রী বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে বিদ্যুৎ বিভাগের সাবেক দুই প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 03:52 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

সিলেট, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্টোর রুমে সংরক্ষিত বিদ্যুৎ সামগ্রী বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে বিদ্যুৎ বিভাগের সাবেক দুই প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অভিযুক্ত আসামিরা হচ্ছেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগের (বিবিবি-৩) সাবেক উপবিভাগীয় প্রকৌশলী ও বর্তমানে শাহজীবাহার বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আবদুল লতিফ, সিলেটের শেখঘাট উপ-কেন্দ্রের সাবেক সহকারী প্রকৌশলী ও বর্তমানে কুলাউড়ায় কর্মরত আবুল কালাম আজাদ ও সিলেট নগরীর ইলেক্টট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা বিদ্যুৎ বিভাগের ঠিকাদার মো. আবদুল হাই। দুদকের সিলেট জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আমির হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় এ মামলা করেন। সিলেট কোতায়ালি থানায় মামলার লিখিত এজাহার দাখিল করার পর বুধবার মামলাটি নথিভুক্ত হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০০৬ সালের ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবর সময়ে অভিযুক্ত দুই প্রকৌশলী সিলেটে কর্মরত থাকা অবস্থায় সিলেটের টুকেরবাজার ইউনিয়নের কুমারগাঁও বিদ্যুৎ স্টোর রুম থেকে এক লাখ ৪৪ হাজার তিনশ ৮৩ টাকার বৈদ্যুতিক তার ও সরঞ্জাম যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে আত্মসাৎ করেছেন। তাদের এ কাজে ঠিকাদারও সংশ্লিষ্ট থাকায় সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ করা হয়। মামলার বাদী আমির হোসেন জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে দুদক সম্প্রতি তদন্ত করে এর সত্যতা পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১৪৫ ঘ.