জামালপুর, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিকনেতাকে পুলিশের মারধরের প্রতিবাদে জামালপুরে দুইঘণ্টা সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।
বুধবার বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত শ্রমিকরা শহরের সব সড়কসহ জামালপুর-টাঙ্গাইল, জামালপুর-ময়মনসিংহ ও জামালপুর-শেরপুর সড়ক অবরোধ করে।
এ সময় তারা বিক্ষোভও করে বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
জামালপুর জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি ফারুক আহম্মেদ চৌধুরী সাংবাদিকদের জানান, সদর থানা পুলিশ দুপুরে কোনো কারণ ছাড়াই বাসস্ট্যান্ড এলাকা থেকে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর মোহাম্মদ ঠান্ডা, রাজমিস্ত্রী রফিক ও সেলুন কর্মচারী আয়নালকে আটক এবং মারধর করে পুলিশ ভ্যানে তোলে।
এ ঘটনার প্রতিবাদ করলে পুলিশ শ্রমিক নেতাদের গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে বলে অভিযোগ করেন ফারুক।
এর প্রতিবাদেই জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের ডাকে অবরোধ করা হয়।
পরে আশপাশের শ্রমিকরা তাদের ঘেরাও করে ফেলে এবং ১৫-২০ মিনিট পর শ্রমিকদের চাপে আটককৃতদের ছেড়ে দিতে পুলিশ বাধ্য হয় বলে জানান ফারুক।
বিকালে পুলিশ, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে সমঝোতা বৈঠকের পর অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিকরা।
জামালপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুর রহমান জানান, শ্রমিক নেতাদের সঙ্গে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এ অনাকাক্সিক্ষত ঘটনা ঘটে।
তিনি জানান, বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৩৮ ঘ.
bdnews24