২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন কর্মচারীর মাসোহারা, কাঠ ব্যবসায়ীদের বিক্ষোভ

মাসোহারা বৃদ্ধি করায় ফেনীর পরশুরাম উপজেলায় এক বন কর্মচারীর অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় কাঠ ও ফার্নিচার ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ফেনী, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাসোহারা বৃদ্ধি করায় ফেনীর পরশুরাম উপজেলায় এক বন কর্মচারীর অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় কাঠ ও ফার্নিচার ব্যবসায়ীরা। বুধবার দুপুরে উপজেলা বন কর্মকর্তার কার্যালয়ে বিক্ষোভ শেষে তারা নূর ইসলাম নামের ওই বন কর্মচারীর করাত কলে ভাংচুর চালায়। প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানান, দুপুর ১২টার দিকে ২৫-৩০ জন কাঠ ও ফার্নিচার ব্যাবসায়ী উপজেলা বন কর্মকর্তার কার্যারয়ের সামনে বিক্ষোভ করে। এ সময় তারা নূর ইসলামের অপসারণের দাবিতে শ্লোগান দিতে থাকে। পরশুরামের বন কর্মকর্তা হুমায়ূন কবির পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে ব্যবসায়ীরা তাকে ধাওয়া করে। এ সময় তিনি অফিস থেকে চলে যান। বিক্ষোভ শেষে ব্যবসায়ীরা হাসপাতাল রোডে নূর ইসলাম ও মো. ফারুকের যৌথ মালিকানার একটি করাত কলে ভাংচুর চালায়। উপজেলা ফার্নিচার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূর ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার করাত কল ও ফার্নিচার ব্যবসায়ীদের কাছ থেকে ৩০০ টাকা করে মাসোহারা আদায় করছে। কয়েকদিন ধরে এ হার ৫০০ টাকা করার কথা বলে আসছে ব্যবসায়ীদের। তিনি বলেন, কোথাও গাছ কিনে কাটতে গেলে ছাড়পত্রের জন্য তাকে টাকা দিতে হয়। তৈরি ফার্নিচার কোথাও পাঠানোর সময়ও টাকার জন্য হয়রানি করে সে। তাকে টাকা দেওয়া হয় কেন জানতে চাইলে মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা অলিখিত নিয়ম। আমাদের ব্যবসা করে খেতে হয়। তাই এই টাকা দেয় ব্যবসায়ীরা।" এই মাসোহারা না দিলে বন কর্মকর্তার কার্যালয়ে ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করা হয়, বলেন তিনি। এ ব্যাপারে কথা বলার জন্য হুমায়ূন কবির ও নূর ইসলামের মোবাইলে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়। ফেনী বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে ভালোভাবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১১ ঘ.