২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার নারায়ণগঞ্জে, গ্রেপ্তার ২

মুক্তিপণের দাবিতে ঢাকার মতিঝিল থেকে অপহৃত দুই ব্যবসায়ীকে আট দিন পর নারায়ণগঞ্জে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

নারায়ণগঞ্জ, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের দাবিতে ঢাকার মতিঝিল থেকে অপহৃত দুই ব্যবসায়ীকে আট দিন পর নারায়ণগঞ্জে উদ্ধার করেছে পুলিশ। অপহরণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। উদ্ধার ব্যবসায়ীরা হলেন- মো. জালাউদ্দিন (২২) ও তার ছোট ভাই মোসাদ্দেক আলী। তাদের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বরুড়া গ্রামে। মালামাল কিনতে গত ২ মে মতিঝিল থেকে অপহৃত হন তারা। বুধবার বিকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার রামারবাগ এলাকা থেকে বুধবার দুজনকে উদ্ধার করা হয় বলে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। অপহরণে জড়িত থাকার অভিযোগে রামারবাগ এলাকার কেরামত আলী এবং কুমিল্লার মনোহরদী গ্রামের রাশেদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্মকর্তা শহীদ বলেন, জালাল ও মোসাদ্দেক গত ২ মে মতিঝিলে এশিয়ান ফুড কোম্পানিতে মালামাল কিনতে যান। তখন কেরামত ও রাশেদসহ ৪/৫ জন তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দুই ভাইকে অটোরিকশায় করে রামারবাগ এলাকায় নিয়ে আসে। তাদের রাখা হয় ওই এলাকার আবু তাহেরের বাড়িতে। সেখানে তাদের কাছ থেকে ৩ লাখ টাকা নিয়ে যায় অপহরণকারীরা। পরে অপহরণকারীরা জালালের পরিবারের কাছে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। জালালের পরিবার ১ লাখ টাকা দেওয়ার পরও স্বজনদের না পেয়ে বিষয়টি পুলিশকে জানায় বলে এসআই শহীদ জানান। এরপরই তৎপর হয় পুলিশ। থানার ওসি আইনুল হক বলেন, অপহরণকারী চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮০০ ঘ.