২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনটেইনারে শ্রমিক মৃত আল আমীনকে সিঙ্গাপুরেই দাফন করা হচ্ছে

চট্টগ্রাম বন্দরে কনটেইনারে ঢুকে আটকা পড়ে সিঙ্গাপুর চলে যাওয়া দুই শ্রমিকের মধ্যে নিহত শ্রমিকের লাশ পরিবারের অনুমতিতে সিঙ্গাপুরেই দাফন করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

চট্টগ্রাম, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে কনটেইনারে ঢুকে আটকা পড়ে সিঙ্গাপুর চলে যাওয়া দুই শ্রমিকের মধ্যে নিহত শ্রমিকের লাশ পরিবারের অনুমতিতে সিঙ্গাপুরেই দাফন করা হচ্ছে। নিহত শ্রমিক আল আমীনকে (৩৮) বৃহস্পতিবার দাফন করা হবে বলে সিঙ্গাপুর থেকে প্রকাশিত 'বাংলার কন্ঠ' পত্রিকার সম্পাদক এ কে এম মোহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন । প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক জহিরুল ইসলাম মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আল আমীনের লাশ দেশে আনার পরিবহন ব্যয় বহনে পরিবারের পক্ষ থেকে অপারগতা জানানোয় সিঙ্গাপুরেই তাকে দাফন করা হচ্ছে।" লাশ সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান। এই কর্মকর্তা আরো জানান, আল আমীনের মা সন্তানের লাশ ইসলামি শরিয়া মোতাবেক দাফনের অনুরোধ জানিয়েছেন। কন্টেইনারে আটকা পড়ে সিঙ্গাপুর যাওয়ার সময় বেঁচে যাওয়া দীন ইসলাম নামে অপর শ্রমিককে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে মোহসিন জানান। চট্টগ্রাম বন্দরে রাখা একটি খালি কন্টেইনারে মাদক সেবন করতে ঢুকেছিলেন আল আমীন ও দীন ইসলাম। গত ১ এপ্রিল হানসা কালেডো নামে একটি জাহাজে করে কন্টেইনারটি সিঙ্গাপুরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ত্যাগ করে। পাঁচদিন পর জাহাজটি সিঙ্গাপুর বন্দরে পৌঁছায়। আরও পাঁচদিন কনটেইনারটি ওই বন্দরে পড়ে থাকার পর বন্দরের পাসিং পানজার টার্মিনালের কর্মীরা খালি কন্টেইনার থেকে মৃত আল আমীন ও জীবিত দীন ইসলামকে (৩০) উদ্ধার করে। দু'জনই চট্টগ্রাম বন্দরে ওই কন্টেইনারটিতে ঢুকে মাদক সেবনের পর ঘুমিয়ে পড়ে বলে জানা যায়। দু'জনের মাদক সেবনের বিষয়টি উভয় পরিবারের সদস্যরা জানতো। খালি কন্টেইনারে করে বিদেশ যাওয়ার ঘটনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করে। পরবর্তীতে তদন্ত কমিটি তাদের প্রতিবেদনও দাখিল করে। এতে বলা হয়, আল আমীন ও দীন ইসলাম বন্দর কর্তৃপক্ষ বা কর্তৃপক্ষের অধীন বেসরকারি অপারেটরদের তালিকাভুক্ত শ্রমিক ছিলনা। তারা বন্দরে মাঝে মাঝে কাজ করতো। এছাড়া বন্দরের নিরাপত্তা জোরদারেরও সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে। আল আমীন নগরীর মাদারবাড়িতে এসআর রেল বস্তিতে এবং দীন ইসলাম পাহাড়তলীর বিশ্বকলোনিতে থাকতো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এইচএ/১৭০০ ঘ.