পাবনা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় কালবৈশাখী ঝড়ে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০০ জন। ঝড়ে ফলসের ব্যাপক ক্ষতি হয়েছে। উড়ে গেছে ১২টি সারের গুদাম।
বুধবার সকাল ও মঙ্গলবার দিবাগত রাতে দুই দফা এ ঝড় বয়ে যায় জেলার ওপর দিয়ে।
জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঝড়ে ফসল ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামের সরোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি বজ্রপাতে মারা গেছে।"
তিনি জানান, এসময় আহত হয়েছে প্রায় শতাধিক। আহতদের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এছাড়া কয়েক হাজার গাছপালা উপড়ে গেছে বলে জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরজমিন পরিদর্শনে বেলা সাড়ে ১১টার দিকে চাটমোহরের হাসুপুর এলাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে কর্মকর্তারা ফরিদপুর ও ভাঙ্গুরার ঝড়কবলিত এলাকা পরিদর্শন করবেন।
জেলা প্রশাসক জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। জেলা প্রশাসন সাধ্যমতো দুর্গত মানুষের পাশে দাঁড়াবে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১০টা থেকে আধঘণ্টা স্থায়ী এবং বুধবার সকাল ৯টার দিকে কালবৈশাখী ঝড় সুজানগর, বেড়া, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, আটঘরিয়া উপজেলার ওপর দিয়ে বয়ে যায়।
বুধবার সকালে বেড়া উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান আরজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতের ঝড়ে উপজেলার যমুনা নদীর চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার প্রায় ৫০টি গ্রামের বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে।
উপজেলায় অর্ধশতাধিক মানুষ ঝড়ে আহত হয়েছে বলে তিনি জানান। প্রতিমুহূর্তে ক্ষয়ক্ষতির খবর আসছে বলেও চেয়ারম্যান জানান।
ঝড়ের পর বিদ্যুৎ সংযোগ না থাকায় মানুষের দুর্ভোগ বাড়ছে। কোথাও কোথাও ঝড়ে গাছাপালা ভেঙে রাস্তার ওপরে পড়ায় যানচলাচল ব্যাহত হচ্ছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আহতদের মধ্যে সুজানগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১২ জন, চাটমোহরে ১০, ফরিদপুরে ১০ ও ভাঙ্গুরায় ৬ জনকে ভর্তি করা হয়েছে।
সুজানগর স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক মনসুর আলম বলেন, "ঝড়ের পর রাতে ও সকালে দুই দফায় ১২ জন আহত ভর্তি হয়েছে। কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।"
বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ইউনিয়নে প্রায় ৩ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এখানে ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে।
তিনি জানান, নগরবাড়ী ঘাটে ১২টি সার গুদাম ঝড়ে উড়ে গেছে। এতে প্রায় লক্ষাধিক বস্তা সার বিনষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
নগরবাড়ী ঘাটের সার ব্যবসায়ী ও স্থানীয় বণিক সমিতির সভাপতি ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঝড়ে ১২টি গুদাম উড়ে যাওয়ায় ব্যবসায়ীদের প্রায় কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে।"
জেলা কৃষি স
bdnews24