২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় দু'দল জলদস্যুর বন্দুকযুদ্ধ

আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলায় দুই জলদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছে তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 05:26 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

নোয়াখালী, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আধিপত্য বিস্তার নিয়ে নোয়াখালীর হাতিয়া উপজেলায় দুই জলদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছে তিনজন। গোলাগুলি চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও পুলিশ তা নিশ্চিত করেনি। উপজেলার ক্যারিংচর ও নলেরচরে মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় ওই বন্দুকযুদ্ধ হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে কালু বাতাইন্যা (৫৫) নামে এক জলদস্যু মারা গেছে বলে দাবি করে তার ভাই আলী আজম মাঝিসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী। কালু হাতিয়ার নলেচরের আদর্শ গ্রাম এলাকার বাসিন্দা। গুলিবিদ্ধ হয়েছেন- সিরাজ কমান্ডার (৩৮), আজহার কমান্ডার (৩৫) ও ফকির কমান্ডার (২৭)। ফকির কমান্ডারকে জেলা সদরের মাইজদী মাদারল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজহার কমান্ডার ও সিরাজ কমান্ডারকে নলেরচর ভূমিহীন বাজারে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। কালু বাতাইন্যার ভাই আলী আজম মাঝিসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকাল ৮টায় ক্যারিং চরের শান্তিপুর ঘাটে মেঘনার জলদস্যু নিজাম ডাকাত ও নাছির কমান্ডার বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। গুলিতে সিরাজ কমান্ডার, আজহার কমান্ডার ও ফকির কমান্ডার আহত হয়। সংঘর্ষ চলাকালে নিজাম ডাকাতের সহযোগী হাতকাটা হারুন গুলিবিদ্ধ দস্যুদের খাট বহন করে নিতে কালু বাতাইন্যাকে ধমক দেয়। এর পরপরই কালু জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট আফম নিজাম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাতিয়া থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে চিকিৎসাধীন ফকির কমান্ডারকে পুলিশ পাহারায় রাখা হয়েছে বলেও তিনি জানান। হাতিয়া থানার ওসি সুভাষ চন্দ্র পাল দস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধের কথা স্বীকার করেছেন। তবে কালু বাতাইন্যার মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২১ ঘ.