২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ডা. মির্জা হত্যার পরিকল্পনাকারীরা ধরাছোঁয়ার বাইরে

সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। ঘটনার ২৬ দিন পরও পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

সিরাজগঞ্জ, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ডা. বাকি মির্জা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। ঘটনার ২৬ দিন পরও পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি। এদিকে এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার জাকারিয়া মাসুদকে ৫ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার আরো দুদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ডা. মির্জা হত্যার ঘটনায় কাজিপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের গাইনী ও শিশু চিকিৎসক আব্দুল লতিফ ঢাকায় আটক হয়েছেন- এমন সংবাদ গত তিন দিন ধরে সিরাজগঞ্জে ব্যাপক আলোচিত হলেও পুলিশ ও র‌্যাব বিষয়টি নিশ্চিত করেনি। হত্যাকাণ্ডের পর আটক রুহুল আমিন বাবু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে বলেন, পরকীয়া ও ব্যবসা সংক্রান্ত কারণে ডা. বাকি মির্জাকে হত্যা করা হয়েছে। জাকারিয়া মাসুদও একই তথ্য দিয়েছেন। তারা দুজনেই ডা. আব্দুল লতিফ, কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. উদয় নারায়ন মোহন্ত ও শাহজাদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (পঃপঃ) আব্দুল আউয়ালকে মূলপরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেন। এর পরপরই ৪ মে গাঢাকা দিয়েছেন ডা. আব্দুল লতিফ। তিনি তার চাকুরীস্থলেও যাচ্ছেন না। এদিকে এই হত্যাকাণ্ডে ডাক্তারদের নাম যুক্ত হওয়ার পর থেকেই বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ শাখার সদস্যরা চুপ রয়েছেন। হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে এর আগে তারা টানা ৮দিন কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও এখন তাদের মধ্যে তেমন সাড়া শব্দ নেই। উল্টো তারা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাঁচ দিন রিমান্ডে থাকাকালে জাকারিয়া নিজের দোষ স্বীকার করলেও মূল পরিকল্পনাকারী বিষয়ে একেক সময় একেক রকম তথ্য দিয়েছেন। যে কারণে তাকে আরো দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে। জাকারিয়াকে মঙ্গলবার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হলে বিচারক প্রদীপ কুমার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এসআই মনির হোসেন আরো জানান, ডা. আব্দুল লতিফকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং ডা. উদয় নারায়ন মোহন্ত ও ডা. আব্দুল আউয়ালের গতিবিধির উপর নজর রাখা হয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও বিএমএ'র সাধারন সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাকারিয়া এক সময় চানাচুর বিক্রি করতো। ঘটনার আগে সে মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসাবে কাজ করতো ও ঔষধ ব্যবসায় জড়িত ছিল। তার কথার উপর ভিত্তি করে একজন সরকারি ডাক্তারকে গ্রেপ্তার করা ঠিক হবে না। চিকিৎসক আব্দুল লতিফকে গ্রেপ্তার করতে হলে ডিজির অনুমতি নিতে হবে এবং সুস্পষ্ট অভিযোগ থাকতে হবে। আব্দুল লতিফের গাঢাকা বিষয়ে তিনি বলেন, তার ভিতরে হয়তো সন্দেহ আছে যে কারণে তিনি গাঢাকা দিয়েছেন। সিরাজগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. সমীর চন্দ্র কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্মস্থলে ডা. আব্দুল লতিফের অনুপস্থিতির বিষয়ে অবগত নই। খোজ নিয়ে বিষয়টি নিশ্চিত হলে তা উচ্চ পর্যায়ে জানানো হবে। তারাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত দায়িত্ব পালন শেষে সিরাজগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল বাকি মির্জা সরকারি ডরমেটরিতে নিজ কক্ষে যান। পরদিন দুপুর ৩টার দিকে ওই কক্ষ থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ওয়াসিমা খাতুন এশা নামের একটি মেয়েকে এবং পরবর্তীতে ২৬ এপ্রিল এশার সাবেক স্বামী রুহুল আমিন বাবুকে গ্রেপ্তার করে পুলিশ। ৪ মে জাকারিয়া মাসুদকে র‌্যাব ঢাকা থেকে আটক করে।" চাঞ্চল্যকর এ মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যবেক্ষণ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮০২ ঘ.