২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ১৪৪ ধারা

এক স্থানে একই সময়ে বিএনপি ও যুবলীগ সভা ডাকায় যশোরের অভয়নগরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 09:55 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

যশোর, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে বিএনপি ও যুবলীগ সভা ডাকায় যশোরের অভয়নগরে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার দুপুর ৩টায় পৌর শহরের নওয়া শংকরপাড়া স্কুল স্টেডিয়াম এলাকায় জেলা বিএনপি সমাবেশ ডাকে। ওই স্থানে একই সময়ে আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগও সমাবেশ করার ঘোষণা দেয়। ফলে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস বিল্লাল হোসেন। তিনি বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য পৌর এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অভয়নগর থানার ওসি আহসান হাবীব সাংবাদিকদের জানান, সমাবেশস্থল সহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ওদিকে ১৪৪ ধারা জারির প্রতিবাদ জানিয়ে দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। বিএনপির নেতৃবৃন্দরা বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সরকার দলীয় সমর্থকরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এর প্রতিবাদে সমাবেশের আয়োজন করা হয়েছিলো। তারা অভিযোগ করেন সমাবেশ বাতিল করার জন্যই যুবলীগ একই স্থানে সমাবেশ ডেকেছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৫১ ঘ.