২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরায় রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপিত

ত্রিপুরায়ও উদযাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 03:43 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

আগরতলা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিপুরায়ও উদযাপিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী। সোমবার প্রভাত ফেরির মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। দিনের মূল অনুষ্ঠান ছিলো রবীন্দ্র কাননে (রবীন্দ্রনাথ পার্ক)। সেখানে শিল্পীরা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। শিশু পার্কেও আয়োজন করা হয় অনুষ্ঠানমালা। এছাড়া রবীন্দ্রনাথকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আয়োজন করা হয় শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ত্রিপুরার সঙ্গে কবির ছিলো নিবিড় সম্পর্ক। ১৮৯৯ থেকে ১৯২৬ সালের মধ্যে তিনি অন্তত সাতবার এ রাজ্য ভ্রমণ করেন। কবির বেশ কিছু কবিতা, গান ও উপন্যাস এই ত্রিপুরায় বসে লেখা। এর মধ্যে বিসর্জন, রাজর্ষি, মুক্তি উল্লেখযোগ্য। গত রোববার (২৫ বৈশাখ) ছিলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলা ১২৬৮ সালের ২৫ বৈশাখ (৭ মে, ১৮৬১ খৃস্টাব্দ)। ১৯১২ সালে কাব্যগ্রন্থ গীতাঞ্জলী প্রকাশের পর ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে সারা বিশ্বে বাংলা ভাষার মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। বাংলা ভাষায় এটিই এখনো সাহিত্যে একমাত্র নোবেল পুরস্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/পিডি/২১৪৬ ঘ.