রাজশাহী, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রাহকদের সঞ্চয়ের ১০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর থেকে উধাও হয়েছে উদ্দীপণ নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মকর্তারা।
সঞ্চয়ের টাকা হারিয়ে গ্রাহকরা সোমবার উদ্দীপনের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শণ করেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুপুরে ওই সংস্থার প্রোগ্রাম অফিসার বাসনা রাণীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম জানান, উদ্দীপণ নামের বেসরকারি সংস্থার প্রধান কার্যালয়টি রাজশাহী মহানগরীর মতিহার থানার পাশে। পুঠিয়া সদর ও বানেশ্বর বাজারে এর দুটি শাখা অফিস আছে। দীর্ঘদিন ধরে গ্রাহকরা তাদের সঞ্চয়ের টাকা ওই দুটি শাখায় জমা দিয়ে আসছেন।
গত সপ্তাহে গ্রাহকরা টাকা জমা দেয়ার পর ৬ মে থেকে শাখা অফিসে তালা ঝুলতে দেখেন।
ওসি জানান, বিষয়টি রাজশাহী অঞ্চলের প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক (এমডি) নূরুল ইসলামকে জানালে তিনি দু'টি মামলা দায়ের করেন। মামলায় পুঠিয়া শাখার ব্যবস্থাপক (এমডি) বিপ্লব কুমার, প্রোগ্রাম অফিসার বাসণা রাণী এবং বানেশ্বর শাখার ব্যবস্থাপক খান মোহাম্মদ ওয়াহেদুজ্জামান ও হিসাব রক্ষক ওয়াশিম উদ্দিনকে অভিযুক্ত করা হয়।
থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন জানান, সংস্থার কর্মকর্তারা পুঠিয়া শাখায় ৬ লাখ ৩০ হাজার এবং বানেশ্বর শাখার ২ লাখ ৩০ হাজার টাকাসহ ১০ লাখ টাকা আত্মসাৎ করেছে। এর মধ্যে আত্মগোপন করে থাকা বাসনা রাণীকে সোমবার উপজেলার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
নূরুল ইসলাম জানান, অভিযুক্তদের গ্রেপ্তার করা গেলে গ্রাহকরা তাদের সঞ্চয়ের টাকা ফিরে পাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭৪০ ঘ.
bdnews24