২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনের তিন দিন পর মুক্ত লিমন

র‌্যাবের গুলিতে পা হারানো কলেজ ছাত্র লিমনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের প্রিজন সেল থেকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য সার্জারি ইউনিটে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 11:30 AM

Updated : 24 Aug 2022, 03:02 PM

বরিশাল, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনের আদেশ হওয়ার তিন দিন পর মুক্তি পেলেন র‌্যাবের গুলিতে পা হারানো কলেজ ছাত্র লিমন। হাইকোর্টের জামিনের নথি ঢাকা থেকে ঝালকাঠি হয়ে সোমবার বিকেলে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। এরপর বিকেল ৫টার দিকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়। বরিশাল কারাগারের জ্যেষ্ঠ সুপার মো. সগির মিয়া বলেন, "৫টার দিকে লিমনের পুলিশি প্রহরা সরিয়ে নেওয়া হয়েছে।" চিকিৎসক ডা. বাবুল কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লিমনকে প্রিজন সেল থেকে বের করে হাসপাতালের সার্জারি ইউনিট-২ এ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হবে। গত ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরে র‌্যাবের গুলিতে আহত হন লিমন। পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়। লিমনের দাবি, র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছে। ঘটনার দিনই র‌্যাব বাদী হয়ে অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধা দান, হত্যা চেষ্টা ও র‌্যাব সদস্যদের আহত করার অভিযোগে লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে। অন্য মামলায় জামিন হলেও অস্ত্র মামলায় লিমনকে কারাগারে পাঠানোর আদেশ হয়। এরপর মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) একটি আবেদনে বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম ও বিচারপতি আনোয়ারুল হকের বেঞ্চ লিমনকে অস্ত্র মামলাতে অর্ন্তর্বতীকালীন জামিন দেয়। একই সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ওই ঘটনা তদন্তে কেন বিচার বিভাগীয় কমিশন হবে না, তার কারণ জানাতে সরকারকে আদেশ দেওয়া হয়। লিমনের মায়ের আইনজীবী মানিক লাল আচার্য্য জানান, অস্ত্র মামলায় ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে সোমবার লিমনের জামিনের শুনানি হওয়ার কথা ছিলো। হাইকোর্টের জামিন পাওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে। সরকারি ছুটি ও আদেশের কাগজপত্র না পৌঁছানোর কারণে জামিনের পর মুক্তি পেতে তিনদিন দেরি হয়েছে বলে জানান তিনি। অপর আইনজীবী আক্কাস শিকদার বলেন, হাইকোর্ট থেকে পাঠানো লিমনের জামিন আদেশ প্রথমে ঝালকাঠী মুখ্য বিচারিক হাকিম আদালতে পৌঁছে। ওই আদালতের হাকিম রেজা তারিক আহমেদ হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ২০ হাজার টাকা জামিন নির্ধারণ করে লিমনের মুক্তির আদেশ দেন। সেখান থেকে জামিনের আদেশ পাঠানো হয় ঝালকাঠী জেলা কারাগারে। সেখানকার আনুষ্ঠানিকতা সেরে কাগজ পাঠানো হয় বরিশাল কেন্দ্রীয় কারাগারে। বরিশাল কারাগারের জ্যেষ্ঠ সুপার মো. সগির মিয়া বলেন, কেন্দ্রীয় কারাগারের আনুষ্ঠানিকতা শেষে তাৎক্ষণিকভাবে হাসপাতালের প্রিজন সেল থেকে লিমনকে মুক্তি দেওয়া হয়েছে। লিমনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি গণমাধ্যমে উঠে এলে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিভিন্ন মহলের সমালোচনার মুখে গত ১১ এপ্রিল খোদ র‌্যাব মহাপরিচালক মোখলেসুর রহমান বলেছিলেন, লিমন অবস্থার শিকার হতে পারে। সে দুর্ঘটনার শিকারও হতে পারে। বৃহস্পতিবার চিকিৎসাধীন লিমনকে ঢাকা থেকে ঝালকাঠীতে নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় লিমনকে দেখতেও গিয়েছিলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৭৫১ ঘ.

এ সম্পর্কিত আরো খবর