ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সত্য ও জবাবদিহিতা কমিশন (ট্রুথ কমিশন) অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি ১২ মে পর্যন্ত মুলতবি করা হয়েছে।
আপিল আবেদনকারীর আইনজীবী সময় চেয়ে আবেদন করলে রোববার আপিল বিভাগের বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।
রাষ্ট্রপতির অধ্যাদেশে ২০০৮ সালের ৩ জুলাই সত্য ও জবাবদিহিতা কমিশন গঠিত হয়। দুর্নীতির দায়ে ২ বছরের কম মেয়াদে সাজাপ্রাপ্তদের শর্তসাপেক্ষে ক্ষমা করে দেওয়ার লক্ষ্যে গঠিত এ কমিশন 'ট্রুথ কমিশন' নামেই পরিচিতি পায়।
এ কমিশনের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের ২৫ অগাস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী আদিলুর রহমান খান শুভ্র, উন্নয়ন বিকল্প নীতি-নির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আক্তার, আওয়ামী লীগের তখনকার মহিলা বিষয়ক সম্পাদক ডা. দীপু মনি এবং অধিকারের তখনকার ভারপ্রাপ্ত পরিচালক নাসিরউদ্দিন এলান হাইকোর্টে একটি রিট আবেদন করেন।
একই বছরের ১৩ নভেম্বর হাইকোর্ট ট্রুথ কমিশনকে অবৈধ ঘোষণা করে। এরপর সরকার পক্ষের আবেদনে ওই বছরের ১৬ নভেম্বর চেম্বার জজ হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে।
এরপর ট্রুথ কমিশন থেকে 'দায়মুক্তি' পাওয়া সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মঞ্জুর আহমেদসহ তিনজন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেন।
আদালতে রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ ও মো. আসাদুজ্জামান। আপিল আবেদনকারীর পক্ষে ছিলেন আজমালুল হোসেন কিউসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/আরএ/জেকে/১৭০০ ঘ.
bdnews24