ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের সুদের নিয়ন্ত্রণে কেন ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।
একটি রিট আবেদনে বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মো. শওকত হোসেন রোববার কেন্দ্রীয় ব্যাংক, গ্রামীণ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে এ রুলের জবাব দিতে বলেছে। এ জন্য সময় দেওয়া হয়েছে চার সপ্তাহ।
রিট আবেদনটি করেন হাইকোর্টের আইনজীবী মাসুদ আর সোবহান। আবেদনটি আদালতে পরিচালনা করেন তার কৌঁসুলি ফাতেমা এম চৌধুরী।
শুনানিতে বলা হয়, গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়ে দাসের মতো খাটার কারণে গ্রাহকের দারিদ্র্য ঘোচে না।
গ্রামীণ ব্যাংকের সুদের হার অনেক বেশি বলে বিভিন্ন জন বলে আসছেন।
তবে ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস শনিবার এক বিবৃতিতে এর জবাবে বলেন, গ্রামীণ ব্যাংকের সুদের হার দেশে ক্ষুদ্র ঋণের জগতে সর্বনিু।
"ক্রমহ্রাসমান পদ্ধতিতে এ হার ২০ শতাংশ। এটা সরল সুদ, অর্থাৎ সুদের ওপর সুদ হয় না", বলেন তিনি।
গ্রামীণ ব্যাংকের সুদ আদায়ে জবরদস্তি চালানোর অভিযোগ উঠলেও তা উড়িয়ে দেন ইউনূস।
গ্রামীণ ব্যাংকে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর সরকার ব্যাংকে সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে একটি কমিটি করে।
গত ২৫ এপ্রিল কমিটির প্রতিবেদন পাওয়ার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কথায়ও ইউনূসের এ বক্তব্যের সমর্থন মেলে।
গ্রামীণ ব্যাংক নিয়ে তদন্তের মধ্যেই এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপরিচালক নোবেলজয়ী ইউনূসকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েও হারেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১২৩৫ ঘ.
bdnews24