২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে হামলায় আহত ৩০

ফুটবল খেলা নিয়ে নোয়াখালীর চাটখিল উপজেলার কয়েকটি গ্রামের লোকজন সোনাইমুড়ির আবিরপাড়া বাজারে হামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 07:02 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

নোয়াখালী, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফুটবল খেলা নিয়ে নোয়াখালীর চাটখিল উপজেলার কয়েকটি গ্রামের লোকজন সোনাইমুড়ির আবিরপাড়া বাজারে হামলা করেছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত ওই হামলায় অন্তত ৩০ জন আহত হয়। এ সময় তারা ওই বাজারের দোকানপাটে ভাংচুর ও লুটপাট চালায়। পরে সোনাইমুড়ি ও চাটখিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে জামান নামের একজনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া মামুন, জহির, মিজান, রহিম, মিঠু, রুবেল, আশ্রাফ, জাফর, শেখ আহম্মদ, ইসমাইল, সিদ্দিক, লিটন ও মনিরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী আবিরপাড়া গ্রামের ব্যবসায়ী মনির আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলার জন্য বিকালে পাশের চাটখিল উপজেলার শিবপুর গ্রামের যুবকরা আসে। তারা স্থানীয় যুবকদের মাঠ ছেড়ে দিতে বললে কথা কাটাকাটি হয়। এর জেরে সন্ধ্যার দিকে শিবপুর, নাহারখিসহ পাশের কয়েকটি গ্রামের শতাধিক লোক দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে আবিরপাড়া গ্রামে হামলা চালায়। হামলাকারীরা ককটেল ফাটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা বাজারের অন্তত ২০টি দোকানে ভাংচুর ও লুটপাট চালায়। ঘটনাস্থলে থাকা আমিশাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের উপস্থিতিতে চাটখিলের শিবপুর, নাহারখিলসহ কয়েক গ্রামের কয়েকশ লোক সশস্ত্র অবস্থায় আবিরপাড়া বাজারে ঢুকে লোকজনের ওপর হামলা চালায়। সোনাইমুড়ি থানার ওসি হুমায়ুন কবির ও চাটখিল থানা ওসি কর্মকর্তা নজমুল হক জানান, সংঘর্ষের সংবাদ পাওয়ার পর সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছিলো। কিন্তু সংঘর্ষের ব্যাপকতার কারণে পরে আরো একটি টিমকে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৪ ঘ.