ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার অধিদপ্তরের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়া অব্যাহত থাকতে পারে।
অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ০৩ (তিন) নম্বর পুনঃ ০৩ (তিন) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এসময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মে'র দ্বিতীয়ার্ধে বন্যার আশঙ্কা
চলতি মাসের দ্বিতীয়ার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুইটি নিুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
এছাড়া উত্তর ও মধ্যাঞ্চলে ২-৩টি মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২০৪৪ ঘ.
bdnews24