চাঁদপুর, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের হাইমচর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন কেন বাতিল করা হবে না জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।
পাশাপাশি ওই নির্বাচন কেন বন্ধ ঘোষণা করা হবে না আগামী ৪ সপ্তাহের মধ্যে তার জবাব দিতে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, জেলা প্রশাসক (ডিসি), জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার হাইকোর্টের বিচারপতি মো. মমতাজ উদ্দিন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেয়।
রিট আবেদনটি পরিচালনা করেন অ্যাডভোকেট মনজিল মোর্শেদ। সরকার পক্ষে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান।
আগামী ৩১ মে ওই ৬ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
হাইমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসহাক খোকন গত ৩ মে ৬টি ইউপি চেয়ারম্যানদের পক্ষে রিট আবেদনটি দাখিল করেন।
অন্য ৫ চেয়ারম্যান হলেন- চরভৈরবী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন চোকদার, আলগী (দঃ) ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ পাটওয়ারী, আলগী (উঃ) ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব ভূইয়া, নীলকমল ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান রতন পাটওয়ারী ও গাজীপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসিনা বেগম।
ইসহাক খোকন সাংবাদিকদের বলেন, বরিশাল জেলার সঙ্গে চাঁদপুরের হাইমচর উপজেলার সীমানা সংক্রান্ত জটিলতা থাকায় এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় ৪০ বছর ধরে চলে আসা এই সমস্যার কথা আমরা নির্বাচন কমিশনকে জানাই। কিন্তু কোনো ধরনের সমাধান না হওয়ায় আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার কাছে আদালতের কোনো কাগজপত্র আসেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৮৫৮ ঘ.
bdnews24