ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বে গত বছর ১০২ জন সাংবাদিক দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন। আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে এ তথ্য।
আইপিআই-এর হিসাবে ২০০৯ সালে বিশ্বে ১১০জন সাংবাদিক নিহত হয়েছিলেন।
এশিয়াকে সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসাবে উল্লেখ করে 'ওয়ার্ল্ড প্রেস রিভিউ-২০১০' শিরোনামের এ প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বিভিন্ন দেশে গত বছর মোট ৪০ জন সাংবাদিক নিহত হয়েছেন. যার মধ্যে ১৬ জনেরই মৃত্যু হয়েছে পাকিস্তানে।
এই হিসাবে গত বছর সাংবাদিকদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল ছিল লাতিন আমেরিকা। ওই অঞ্চলের দেশগুলোতে ২০১০ সালে ৩২ জন সাংবাদিক নিহত হন। এর মধ্যে মেক্সিকোতে ১২ জন ও হন্ডুরাসে ১০ জন সাংবাদিক নিহত হয়েছেন দায়িত্ব পালন করতে গিয়ে।
২০০৯ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ৩২ জন সাংবাদিক। এছাড়া ২০০৬ সালে ইরাকে নিহত হন ৪৬ জন।
গত পাঁচ বছরে বিশ্বে ৪৭২ জন সাংবাদিক নিহত হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, এর মধ্যে ইরাক ও ফিলিপাইনে সবচেয়ে বেশি সাংবাদিক হতাহতের ঘটনা ঘটেছে।
ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে সামনে রেখে ২ মে এই প্রতিদেবন প্রকাশ করে আইপিআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/২২১৪ ঘ.
bdnews24