২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উড়াল সড়ক: প্রথম ধাপে অধিগ্রহণ হবে ১৬ একর জমি

রাজধানীতে উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণ প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 03:30 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণ প্রকল্পের আওতায় প্রথম ধাপে ১৬ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বুধবার সচিবালয়ে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ৮৮তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভাশেষে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধিগ্রহণ এলাকায় মাদ্রাসা ও মসজিদ রয়েছে। এসব মাদ্রাসা বা মসজিদ সরিয়ে অন্যত্র নেওয়া হবে বা পাশে কোনো জমি থাকলে সেখানে তৈরি করে দেওয়া হবে।" ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী-মগবাজার-কমলাপুর-যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত দুটি লিংকসহ এক্সপ্রেসওয়েটি হবে প্রায় ২৬ কিলোমিটার দীর্ঘ। তবে ঘূর্ণায়মানপথসহ এর দৈর্ঘ্য হবে ৩২ কিলোমিটার। রাজধানীতে এর একটি লিংক থাকবে হোটেল সোনারগাঁও এর পেছনে, অন্যটি হবে তেজগাঁও সাতরাস্তা হয়ে ফার্মগেট পর্যন্ত। সচিব জানান, প্রকল্পের প্রথম ধাপে শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর থেকে তেজগাঁও পর্যন্ত জমি অধিগ্রহণ করা হবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) আওতায় এ উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণে ইতালি ও থাইল্যান্ডের যৌথ মালিকানার কোম্পানি ইতাল-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানির সঙ্গে গত ১৯ জানুয়ারি চুক্তি করে সরকার। কাজ শুরুর সাড়ে তিন বছরের মধ্যে এর নির্মাণ শেষ করার কথা। এ উড়াল সড়ক প্রকল্পের ২০ শতাংশ জমি সরকারকে অধিগ্রহণ করতে হচ্ছে। যাদের জমি অধিগ্রহণ করা হবে, তারা নগদ অর্থের পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে প্লট ও ফ্ল্যাট পাবেন। বুধবারের সভায় আরো ৭টি প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়েছে বলে অতিরিক্ত সচিব জানান। প্রকল্পগুলো হলো- গুলশান-বনানী বারিধারা লেক উন্নয়ন প্রকেল্পর আওতাধীন গুলশান-বারিধারা লেকের জন্য ১০ দশমিক ৭৫২৪ একর, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক গাজীপুর প্রকল্পের জন্য সদর উপজেলার পিরুজালী মৌজার ১১৯ দশমিক ৮৮ একর জমি, রাজশাহী আঞ্চলিক সার্ভার স্টেশন ভবন নির্মাণের জন্য বোয়ালিয়া থানার চণ্ডিপুর মৌজার দশমিক ৩০৩৮ একর, খুলনা সদর থানার বানিয়া খামার মৌজায় আধুনিক মার্কেট নির্মাণ প্রকল্পের জন্য ১ দশমিক ৭০ একর, সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগরের জন্য সিলেট সদর থানায় মিউনিসিপ্যালিটি মৌজায় দশমিক ৭৭৫ একর, বরিশাল সিটি কর্পোরেশন এর সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন প্রকল্পে সদর থানাধীন রুপাতলী মৌজায় ৬ দশমিক ৮৭ একর এবং সিলেট সিটি কর্পোরেশন এলাকায় পশু জবাইখানা নির্মাণ প্রকল্পের জন্য দশমিক ৪০ একর জমি। ভূমি মন্ত্রী রেজাউল করিম হীরার সভাপতিত্বে অন্যদের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, ভূমি সচিব মো. মোখলেছুর রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/জেকে/২১২৭ ঘ.