২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া পরোয়ানায় কারাবাস

এজাহার ও অভিযোগপত্রে নাম না থাকার পরও ঢাকার একটি আদালতের ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় অস্ত্র মামলায় ১২ দিন কারাগারে কাটাতে হলো গাজীপুরের এক কৃষককে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এজাহার ও অভিযোগপত্রে নাম না থাকার পরও ঢাকার একটি আদালতের ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় অস্ত্র মামলায় ১২ দিন কারাগারে কাটাতে হলো গাজীপুরের এক কৃষককে। গাজীপুর জেলার রুদ্রপুর গ্রামের ওই কৃষকের নাম বেল্লাল হোসেন (৪৫)। মামলার নথি থেকে জানা যায়, ঢাকার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সিল মোহর দেওয়া ২ মার্চের এক গ্রেপ্তারি পরোয়ানায় গত ২২ এপ্রিল জয়দেবপুর থানা পুলিশ বেল্লালকে গ্রেপ্তার করে। পরোয়ানায় তাকে অস্ত্র মামলার আসামি বলে দেখানো হয়। একই দিন ওই মামলায় মুজাফ্ফর হোসেন নামে আরো একজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিলো। তবে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বেল্লালের বাবা গণি মাল বলেন, তার ছেলের সঙ্গে কারো বিরোধ নেই। সে লেখাপড়াও জানে না। প্রতিহিংসার বশে কেউ তাকে ফাঁসিয়ে দিয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত হয়ে ঢাকার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফাতেমা নজীব ১৯ মে পর্যন্ত বেল্লালকে জামিন দেন। জামিন আদেশে গাজীপুরের মুখ্য বিচারিক হাকিমকে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন বিচারক। বেল্লালের আইনজীবী এ. আইয়ূব আহমাদুল্লাহ জীবন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার এজাহার এমনকি অভিযোগপত্রেও বেল্লাল ও মুজাফ্ফরের নাম নেই। তাছাড়া মামলাটি অস্ত্র মামলার নয়। তবে পরোয়ানায় উল্লেখিত মামলার নম্বরটি ঠিক আছে। আদালত কর্মচারীদের যোগসাজশে একটি চক্র নিরীহ মানুষকে ফাঁসাতে এ ধরনের কাজে জড়িত বলে অনেক আইনজীবীর অভিযোগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমআই/১৯৫৫ ঘ.