ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ, গাজীপুর ও টাঙ্গাইলে বুধবার সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ সাতজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ৫০ জন।
এর মধ্যে ময়মনসিংহের তারাকান্দায় পাঁচ জন নিহত ও ৩০ জন আহত এবং ত্রিশালে ২০ জন আহত হন।
গাজীপুরের কালীগঞ্জে এক তরুণ এবং টাঙ্গাইলের কালিহাতিতে এক গৃহবধূ নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর-
ময়মনসিংহ: ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আব্দুল মাবুদ সাংবাদিকদের বলেন, ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের বাগুন্দায় সকাল সাড়ে ১০টার দিকে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর আহতদের মধ্যে পাঁচজন মারা যান। এরমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীও রয়েছেন।
নিহতরা হলেন-ফুলপুর উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ (২৪), বাসযাত্রী ইয়াকুব আলী (৭০), জামাল (৪০), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী সাবিনা ইয়াসমিন (২৪) ও অজ্ঞাত একজন পুরুষ যাত্রী।
অপর দুর্ঘটনা ঘটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বৈলরে।
সকালে ত্রিশালগামী কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ২০ জন আহত হন।
আহত ১৫ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আব্দুল মাবুদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাসড়কে পুলিশের গাড়িসহ বেশ কয়টি যানবাহন ভাংচুর করে।
গাজীপুর: কালীগঞ্জ উপজেলার কেটুন এলাকায় দুপুরে ট্রাক চাপায় নিহত হন মোটরসাইকেল চালক এক অজ্ঞাত তরুণ (৩৫)।
কালীগঞ্জ থানার ওসি কাজী দাউদ হোসেন সাংবাদিকদের জানান, গাজীপুরগামী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীতমুখী চালভর্তি একটি ট্রাকের সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যান।
ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে।
নিহতের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
টাঙ্গাইল: সকাল সাড়ে ১১টার দিকে কালিহাতীর ইছাপুরে নিহত হন শিউলি বেগম (২৩)।
শিউলি ঘাটাইলের লাউ গ্রামের বাসিন্দা।
কালিহাতী থানার ওসি ইউনুস আলী মিয়া সাংবাদিকদের জানান, মোটরসাইকেলযোগে স্বামী-সন্তানসহ শিউলি বেগম টাঙ্গাইল শহর থেকে গ্রামের বাডি যাচ্ছিলেন।
ইছাপুরে তাদের মোটরসাইকেলটিকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে শিউলী রাস্তায় পড়ে যান।
এরপরই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান শিউলি।
এ সময় সামান্য আহত হন শিউলির স্বামী সুরুজ আলী (২৬) ও ছেলে শুভ (৩)।
নিহতের স্বজনরা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য নিয়ে গেছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/সিএস/ডিডি/১৮৪৬ ঘ.
bdnews24