বরিশাল, মে ০৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাবের কথিত বন্দুকযুদ্ধে আহত ঝালকাঠীর লিমন হোসেনকে আদালতের নির্দেশে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার ভোররাতে লিমনকে হাসপাতালে ভর্তি করা হয় বলে কারা ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। পঙ্গু লিমনের চিকিৎসা চলছে প্রিজন ওয়ার্ডে।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারারক্ষক মো. সগির মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত পৌনে ৩টায় লিমনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে।
এর আগে রাত ২টা ১৫ মিনিটে ঝালকাঠী পুলিশের কাছ থেকে লিমনের হেফাজত নেয় বরিশাল কারাগার।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুর রশিদ জানান, অর্থোপেডিক্স ওয়ার্ডে লিমনের চিকিৎসা চলছে।
অর্থোপেডিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বাবুল কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লিমন বর্তমানে অর্থোপেডিক্স সার্জারি বিভাগের ইউনিট-২ এ চিকিৎসাধীন আছে। ঢাকা পঙ্গু হাসপাতাল থেকে দেওয়া প্রেসক্রিপশন অনুসারে তার চিকিৎসা চলছে।
গত ২৩ মার্চ ঝালকাঠীর রাজাপুরে র্যাবের অভিযানের সময় গুলিতে আহত হয় লিমন। লিমনের দাবি, র্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গুলি করেছিলো।
পরে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে তার একটি পা কেটে ফেলতে হয়।
ঘটনার দিনই র্যাব বাদি হয়ে অস্ত্র আইনে একটি এবং সরকারি কাজে বাধা দান, হত্যা চেষ্টা এবং র্যাব সদস্যদের আহত করার অভিযোগে লিমনের বিরুদ্ধে দুটি মামলা করে।
অন্য মামলায় জামিন হলেও অস্ত্র মামলায় লিমনকে মঙ্গলবার কারাগারে পাঠানোর আদেশ দেয় ঝালকাঠীর একটি আদালত। ওই দিনই ঢাকা থেকে লিমনকে নেওয়া হয় ঝালকাঠীতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৫৪০ ঘ.
bdnews24