সাতক্ষীরা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ঠিকাদারীর চাঁদা আদায়' নিয়ে সাতক্ষীরায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের সংঘর্ষে জেলা ছাত্রলীগ সভাপতি-সম্পাদকসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকালে সাতক্ষীরা শহরের পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজ চত্বরে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন- জেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান, সম্পাদক নাজমুল হুদা পলাশ, কর্মী তন্ময় অধিকারী, সুমন, আফজাল হোসেন মিঠু, অপু। অপরপক্ষের হুমায়ুন কবির, রফিকুল ইসলাম রফি, সাইদুল ইসলাম, গিয়াস উদ্দিনসহ আরো কয়েকজন।
তাদের সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে উভয়পক্ষ ছুরি, লোহার রড ও চাপাতি ব্যবহার করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
ঠিকাদারদের বরাত দিয়ে পুলিশ জানায়, সড়ক ও জনপথ বিভাগের একটি কাজের দরপত্রের বিষয়ে ঠিকাদাররা সমঝোতা করেন। পরে শিডিউল ক্রেতাদের মধ্যে ভাগের টাকা বিতরণের কথা হয়।
মঙ্গলবার বিকালে ঠিকাদাররা এই টাকা বিতরণের সময় জেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান, সম্পাদক নাজমুল হুদা পলাশসহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা এসে একলাখ টাকা চাঁদা দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদাররা অভিযোগ করেন, ঠিকাদাররা সাবেক ছাত্রলীগ সভাপতি আকতার হোসেনের মাধ্যমে তাদেরকে ৩৫ হাজার টাকা দেন। কিন্তু জুয়েল ও পলাশ ১৫-২০ জন নিয়ে আরো টাকা দাবি করেন।
ঠিকাদাররা আর টাকা দিতে রাজি না হলে এক পর্যায়ে দু'পক্ষের সংঘর্ষ শুরু হয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ওসি শাহ্জাহান আলী খাঁন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় সাতক্ষীরা পৌর মুজিব সেনার সদস্য হুমায়ূন কবির বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান জানান, তাদের শিডিউল ক্রয়ের টাকা দেওয়ার কথা ছিল। এজন্য সেখানে যাওয়ার পরপরই তাদের ওপর হামলা চালিয়ে আহত করে ঠিকাদাররা।
তিনি চাঁদা চাওয়ার কথা অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৪ ঘ.
bdnews24