ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ও এর আশপাশের কয়েকটি জেলায় মঙ্গলবার রাতে মৃদু ভূমিকম্প হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত পূর্বাভাস কর্মকর্তা (ডিউটি ফোরকাস্ট অফিসার) রাশেদুজ্জামান জানান, রাত ৮টা ৩৯ মিনিটে ঢাকা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে কুমিল্লা এলাকায় ছিলো এ ভূমিকম্পের উৎসস্থল।
রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৪ দশমিক ৬।
এদিকে, আমাদের চাঁদপুর ও গোপালগঞ্জ প্রতিনিধি এই দুই জেলায় মৃদু ভূ-কম্পন অনুভূত হওয়ার কথা খবর দিয়েছেন।
চাঁদপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমারের উদ্ধৃতি দিয়ে চাঁদপুর প্রতিনিধি জানান, রাত ৮টা ৩৯ মিনিটে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। তবে উৎপত্তিস্থল বা রিখটার স্কেলে এর মাত্রা বা স্থায়িত্ব সম্পর্কে কিছু জানা যায়নি।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, সেখানে ভূমিকম্পের স্থায়িত্ব ছিলো ১৫ থেকে ২০ সেকেন্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/প্রতিনিধি/এএল/২২০৪ ঘ.
bdnews24