দিনাজপুর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনতা-পুলিশ সংঘাতের পর দিনাজপুরের বীরগঞ্জ থানার ওসিসহ পাঁচ পুলিশকে সাময়িক বরখাস্ত ও ১৩ জনকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে কাহারোল থানার ওসিকেও।
সোমবার রাত থেকে টানা উত্তেজনার পর মঙ্গলবার বিকাল ৩টার প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার পর সেখানে পরিস্থিতি শান্ত হয়।
সোমবার রাতে বীরগঞ্জ ও কাহারোল- দুই উপজেলার সীমান্তবর্তী একটি বাড়িতে ডাকাতির পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো।
এ সময় কাহারোলে পুলিশের দুটি গাড়িতে আগুন ধরানো হয়। ঘেরাওয়ের মুখে পড়েন জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তারা। বীরগঞ্জ থানা ঘেরাও করে ভাংচুর চালায় জনতা।
দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ বিকালে সাংবাদিকদের বলেন, বীরগঞ্জ থানার ওসিসহ ১৮ জনকে তাৎক্ষণিক প্রত্যাহার করে পরিদর্শক আনিসুর রহমানকে ওসির দায়িত্ব দিয়ে নতুন পুলিশ নিয়োগ করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে পাঁচ জনকে। এছাড়া কাহারোল থানার ওসি শহীদুল্লাহকে প্রত্যাহার করা হয়েছে।
কাহারোল উপজেলার ডাবোর ইউপি চেয়ারম্যান ইলিয়াস হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দিবাগত রাতে তার ইউনিয়নের ঘাসিয়ারা গ্রামে রাজেন্দ্র দেবনাথের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতের হামলায় আহত হন রাজেন্দ্র দেবনাথ, তার ভাইপো শরৎচন্দ্র ও তাপস।
তাদের চিৎকার ও মোবাইল ফোনে খবর পেয়ে এলাকার লোকজন জড়ো হয়ে যায়।
রাত ২টার দিকে কাছের বলেয়া বাজারে এ সময় একটি সাদা মাইক্রোবাসে একটি মাইক্রোবাস আরোহী সাদা পোশাকের আট পুলিশকে ডাকাত সন্দেহে আটকায় গ্রামবাসী।
ঘাসুরিয়া কাহারোল উপজেলায় হলেও তার পাশের বলেয়া বাজার বীরগঞ্জ উপজেলার অন্তর্গত।
ইলিয়াস বলেন, পুলিশ আটকের খবর বীরগঞ্জ থানায় পৌঁছলে ওসি আখতারুজ্জামান পুলিশের একটি দল নিয়ে এসে ফাঁকা গুলি চালিয়ে সহকর্মীদের উদ্ধার করে নিয়ে যায়।
কিন্তু বিক্ষুব্ধ জনতা পুলিশের মাইক্রোবাসটির চালক সাইদুল ইসলামকে আটক করে রাজেন্দ্রর বাড়ি নিয়ে যায় এবং মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়।
এদিকে ডাকাতির ঘটনা তদন্তে ভোর ৬টার দিকে কাহারোল থানার ওসি শহীদুল্লাহ চার জন পুলিশ নিয়ে একটি পিকআপভ্যানে চড়ে রাজেন্দ্র দেবনাথের বাড়িতে যান। রাতে ডাকাতির সময় থানায় ফোন করেও পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে ক্ষুব্ধ গ্রামবাসী তাদের অবরুদ্ধ করে ফেলে। এক পর্যায়ে পুলিশের পিকআপটিতে জ্বালিয়ে দেয় তারা।
পুলিশ অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে দিনাজপুরের জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ ও এএসপি সার্কেল খায়রুল ইসলাম ১১ জন পুলিশসহ ওখানে গেলে জনতা তাদেরও আটকে রাখে। জেলা প্রশাসক গ্রামবাসীকে শান্ত করার চেষ্টা করলে তাকে তারা শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
তখন তাদের উদ্ধারে যায় বিজিবি সদস্যরা। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (আরডিসি) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) দুটি দল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসককে (ডিসি) উদ্ধার করেন।
মুক্ত ডিসি জামালউদ্দিন মাইকে গ্রামবাসীর ওপর হামলার জন্য দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর গ্রামবাসী অন্য পুলিশ সদস্যদেরও ছেড়ে দেয়।
এদিকে, ডাকাতের সঙ্গে পুলিশ জড়িত থাকার অভিযোগে উত্তেজিত জনতা সকাল ১০টায় বীরগঞ্জ থানা ঘেরাও করলে ওসি আখতারুজ্জামান প্রধান প্রথমে পিস্তল উঁচিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এরপর অন্য পুলিশরাও ১৫/২০ রাউন্ড গুলিবর্ষণ করেন বলে স্থানীয়রা জানায়।
এরপরই জনতা থানা আক্রমণ করে। ধাওয়া-পাল্টা ধাওয়া চলার পর বেলা ১টার দিকে পুরো থানা জনতা ঘেরাও করে ফেলে। তারা থানা ক্যাম্পাসে রাখা ৩টি মোটরসাইকেল এবং থানার গোলঘরে অগ্নিসংযোগ করে পুলিশকে অবরুদ্ধ করে রাখে।
এ পরিস্থিতিতে সেখানেও বিজিবির অন্য একটি দল গিয়ে বেলা ২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক লুৎফর রহমানও।
তিনি মাইকযোগে এলাকাবাসীকে বলেন, এ ঘটনার জন্য বীরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান, এসআই মনসুর ও ফজলুল এবং এএসআই সুকুমার ও জাবেদকে বরখাস্তসহ থানার পুরো স্টাফ (কর্মকর্তাসহ ১৮ জন) প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।
এরপরই বেলা ৩টায় থানার পুরো স্টাফকে সাদা পোশাকে বের করে রংপুরে নিয়ে যাওয়ার পর জনতা শান্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/এমআই/২১২০ ঘ.
bdnews24