২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ট্রাক অস্ত্র: জবানবন্দি দিলেন ডিজিএফআই কর্মকর্তা

বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় এবার জবানবন্দি দিয়েছেন গোয়েন্দা সংস্থা-ডিজিএফআই'র এক সাবেক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

চট্টগ্রাম, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বহুল আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলায় এবার জবানবন্দি দিয়েছেন গোয়েন্দা সংস্থা-ডিজিএফআই'র এক সাবেক কর্মকর্তা। মঙ্গলবার বিকালে ডিজিএফআই'র সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল এ কে এম রেজাউর রহমান মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে জবানবন্দি দেন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর হাকিম বিকাল সোয়া তিনটা থেকে সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত সাবেক এই গোয়েন্দা কর্মকর্তার জবানবন্দি রেকর্ড করেন। ১৩ পৃষ্ঠার জবানবন্দিতে রেজাউর ১০ ট্রাক অস্ত্র খালাসকালীন সময়ে নিজের এবং গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও এনএসআই'র তৎকালীন কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বক্তব্য দেন। রেজাউর ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল এর সংরক্ষিত জেটি ঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ খালাসের সময় ডিজিএফআই চট্টগ্রাম অঞ্চলের প্রধান ছিলেন। আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিজিএফআই ও এনএসআই'র সাবেক দুই প্রধানসহ ১০ জন কারাগারে আটক রয়েছেন। ২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়। এই ঘটনায় কর্ণফুলী থানা পুলিশ বাদি হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুটি মামলা করে। এর আগে সোমবার সাবেক দুই পুলিশ সার্জেন্ট সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৪৩ ঘ.