ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন যুগ্ম-সচিব ও ১০ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক আদেশে এসব রদবদল ও নিয়োগ দেওয়া হয়।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব সিদ্দিকুর রহমানকে কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
উপসচিবদের মধ্যে রংপুরের আঞ্চলিক সেটেলমেন্ট কর্মকর্তা (জেডএসও) আবুল কালাম আজাদকে জনপ্রশাসন মন্ত্রণালয় ও দ্বিতীয় কোর্ট অব সেটেলমেন্ট-এর সচিব জাহাঙ্গীর আলমকে পল্লী উন্নয়ণ ও সমবায় বিভাগের উপসচিব পদে বদলি করা হয়।
এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক আব্দুস সালাম সরকারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালক পরিতোষ চন্দ্র দাসকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অর্থ উপদেষ্টা করা হয়। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ফজলে রাব্বী সাদেক আহমেদ নিয়োগ পেয়েছেন বিপিএটিসি'র পরিচালক পদে। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক পদে নিয়োগ পান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মনসুরুল আলম।
নাাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউল হাসানকে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (মার্কেটিং) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
ওএসডি উপসচিব ড. শেখ মহ. রেজাউল ইসলামকে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের উপ-পরিচালক, এএসএম মনজুরুল কাদিরকে জ্বালানী ও খণিজ সম্পদ বিভাগের অধীনে 'স্ট্রেংদেনিং অব দ্য হাইড্রোকার্বন ইউনিট, দ্বিতীয় পর্যায়' প্রকল্পের পরিচালক ও ইকবাল মাহমুদকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়।
এছাড়া রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) আজিম উল আহসানকে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে পুলিশ লিয়াজোঁ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮২৮ ঘ.
bdnews24