২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোগ: মোহাম্মদপুরের ওসি হুমকি দিচ্ছেন

আন্দোলন না করার জন্য মোহাম্মদপুর থানার ওসি নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন রায়েরবাজার ও বছিলা ভূমি অধিগ্রহণ প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলন না করার জন্য মোহাম্মদপুর থানার ওসি নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন রায়েরবাজার ও বছিলা ভূমি অধিগ্রহণ প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তারা এই অভিযোগ করেন। কমিটির সভাপতি মোহাম্মদ ইউসুফ বলেন, "ওসি আমাদেরকে সম্পত্তি রক্ষার আন্দোলন ও সংবাদ সম্মেলন না করার জন্য বলছেন। তা না হলে বিভিন্ন মামলায় জড়ানো হবে বলে হুমকি দিচ্ছেন।" ইউসুফ দাবি করেন, সংবাদ সম্মেলন চলাকালেও ওসি ফোন করে তাদের সংবাদ সম্মেলন না করার জন্য হুমকি দেন। এ কারণে তাদের আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। গ্রেপ্তার বা হয়রানির ভয়ে কেউ রাতে বাড়ি থাকছেন না। এ বিষয়ে জানতে চাইলে মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি কোনো হুমকি দেননি। বরং থানার মাধ্যমে মঙ্গলবার সকালে ভূমি অধিগ্রহণ প্রতিরোধ কমিটির নেতাদের সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের আলোচনার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু কমিটির নেতারা না আসায় টেলিফোন করে খোঁজ নিয়ে জানা যায়, তারা সংবাদ সম্মেলন করছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কমিটির সাধারণ সম্পাদক সফিকুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি মোহাম্মদ ইউসুফ। সফিকুর রহমান বলেন, তারা ক্ষুদ্র আয়তনের ভূমির মালিক। এ ভূমি অধিগ্রহণ করে সরকার কবরস্থান নির্মাণের ঘোষণা দিয়েছে। ওই জমির আধা কিলোমিটারের মধ্যে সরকারি খাস জমি থাকলেও সরকার নিরীহ ব্যক্তিদের মালিকানাধীন জমি অধিগ্রহণের চেষ্টা করছে। ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ না করে খাস জমিতে কবরস্থান নির্মাণের দাবি জানিয়ে লিখিত বক্তব্যে বলা হয়, জমি রক্ষার জন্য যা প্রয়োজন- কমিটি তাই করবে। এ জন্য সবাই প্রস্তুত রয়েছে। সভাপতি ইউসুফ জানান, এর আগেও সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। কিন্তু কোনোভাবেই সরকারের সাড়া পাওয়া যায়নি। মোহাম্মদপুর এলাকার সংসদ সদস্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বেশ কয়েকবার আশ্বাস দিলেও কোনো লাভ হচ্ছে না। ইউসুফ বলেন, "খাস জমি বাদ দিয়ে আমাদের জমিতে কবরস্থান নির্মাণ করার চেষ্টা করা হলে যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে। এ ব্যাপারে অল্প সময়ের মধ্যে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৭৪৪ ঘ.