২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিগ মামলায় এক দিনে ২৬ জনের সাক্ষ্যগ্রহণ

মিগ-২৯ যুদ্ধবিমান কেনায় দুর্নীতির মামলায় এক দিনে ২৬ জনের সাক্ষ্য নিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 10:45 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধবিমান কেনায় দুর্নীতির মামলায় এক দিনে ২৬ জনের সাক্ষ্য নিয়েছে ঢাকার একটি আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা ঢাকার বিশেষ বিভাগীয় জজ মো. আব্দুল মজিদের আদালতে এ সাক্ষ্যগ্রহণ চলে। সাক্ষ্য দেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা-ডিজিএফআই'র সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আবদুল হালিম, এয়ার কমোডের সৈয়দ জিলানী, গোলাম কিবরিয়া লিয়াকতসহ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ও বর্তমান বিভিন্ন কর্মকর্তা। এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম আসামির তালিকায় থাকলেও পরে উচ্চ আদালতের আদেশে অব্যাহতি পান তিনি। মঙ্গলবার সাক্ষ্য নেওয়ার পর আগামী ১০ মে রাষ্ট্রপক্ষে বাকি ১৩ জনকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন এ আদালতের পেশকার রফিকুল ইসলাম। তিনি জানান, এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের ২৭ জনের সাক্ষ্য নেওয়া হলো। গত ১৯ এপ্রিল এ মামলার বাদি দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক আবদুল্লাহ আল জাহিদ সাক্ষ্য দেন। এর আগে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর বাদির আংশিক সাক্ষ্য গ্রহণের দিনই প্রধান আসামি শেখ হাসিনার আবেদনে হাইকোর্ট মামলার বিচার কাজ স্থগিত করে দেয়। ২০১০ সালের ৯ মার্চ হাইকোর্ট শেখ হাসিনাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়। মঙ্গলবার সাক্ষ্য গ্রহণের সময় আসামিদের মধ্যে শুধু বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মির্জা আখতার মারুফ উপস্থিত ছিলেন। অপর পাঁচ আসামির মধ্যে সাবেক বিমান বাহিনী প্রধান জেনারেল মুস্তাফিজুর রহমান ২০০৮ সালের ৩ অগাস্ট মারা গেছেন। বাকি চার আসামি হলেন, ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী, বিমান বাহিনীর সাবেক প্রধান জামালউদ্দিন আহমেদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ ইউসুফ হোসেন, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত। এদের মধ্যে নূর আলীর বিরুদ্ধে মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করেছে। বাকিরা আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০১ সালের ১১ ডিসেম্বর তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা জাহিদ তেজগাঁও থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে করে মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতায় থাকাকালে নিজেরা লাভবান হওয়ার জন্য বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭০০ কোটি টাকা মূল্যে ৮টি মিগ-২৯ ক্রয় করে সরকারের আর্থিক ক্ষতি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/এএল/এমআই/১৮২০ ঘ.