চট্টগ্রাম, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে আবাসন প্রকল্প গড়ে তোলায় দুটি প্রকল্পের কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সোমবার দুপুরে অভিযান চালিয়ে প্রকল্প বন্ধের এই আদেশ দেয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মুনীর চৌধুরী।
অভিযান চলাকালে মাটি বোঝাই দুটি ট্রাক, পাহাড় কাটার বিভিন্ন সরঞ্জাম ও মিক্সার মেশিন উদ্ধার করা হয়। এসময় দু'জন শ্রমিককেও আটক করা হয়।
মুনীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পশ্চিম খুলশীতে ফয়'স লেকের অদূরে 'লেক ভিউ আবাসিক এলাকার' ২ নং রোডের শেষ প্রান্তে অবৈধভাবে পাহাড় কেটে 'ডক্টরস হোম প্রজেক্ট' নামের একটি আবাসন প্রকল্পের কাজ চলছিল।'
'সমতল থেকে ৪০ ফুট উঁচু পাহাড়টি থেকে গত ১৫ দিনে প্রায় ২২ হাজার ঘনফুট মাটি কাটা হয়েছে। অভিযানের সময় মাটি কাটার ৩০ জন শ্রমিক পালিয়ে যায়।'
অভিযান দল ঘটনাস্থল থেকে পাহাড় কাটার কাজে ব্যবহৃত একটি ট্রাক ও খুলশী সড়ক থেকে মাটি বোঝাই অন্য একটি ট্রাক এবং দুজনকে আটক করে।
এরপর দক্ষিণ খুলশী এলাকায় পাহাড় কাটার আরেকটি ঘটনার সন্ধান পায় এই দল।
মুনীর চৌধুরী জানান, দক্ষিণ খুলশীর পাহাড়িকা আবাসিক এলাকার ২ নম্বর সড়কে ৩০ ফুট উচ্চতার পাহাড় কেটে পাঁচতলা আবাসিক ভবন নির্মাণ করছিল ইমপালস প্রপার্টিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।
আবাসন প্রকল্প দুটির কাজ বন্ধ করে দেয়া হয়েছে জানিয়ে মুনীর চৌধুরী বলেন, 'পরিবেশ বিপর্যয়ের অভিযোগে ওই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া গ্রহণ হবে।'
তিন প্রতিষ্ঠানকে ১৩ লাখ টাকা জরিমানা
নাসিরাবাদ শিল্প এলাকায় অভিযান চালিয়ে বায়ু দূষণের অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ১৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বন্ধ করে দেয়া হয়েছে দুটি কারখানার উৎপাদন কার্যক্রম।
বায়ু দূষণের অপরাধে শিল্প এলাকার 'সালেহ স্টিল ইন্ডাস্ট্রি লিমিটেড' ও 'ইসলাম স্টিল ইন্ডাস্ট্রি লিমিটেড' নামের দুই প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
মুনীর চৌধুরী জানান, 'ফিউম এক্সট্রাকশন সিস্টেম চালু না করে ও চিমনি না বসিয়ে প্রতিষ্ঠান দুটি ব্যাপক বায়ু দূষণ ঘটাচ্ছিল। দুটি কারখানাই রি- রোলিং মিলের অনুমতি নিয়ে বেআইনীভাবে ষ্টীল মিলের ইউনিট তৈরি করে কার্যক্রম পরিচালনা করছিল।'
এতে স্থানীয় অধিবাসী, স্কুল কলেজের শিক্ষার্থী, পথচারী ও যানবাহনের যাত্রীরা ব্যাপক বায়ু দূষণের কবলে পড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অধিদপ্তরের উর্ধ্বতন রসায়নবিদ আবদুল্লাহ আল মামুন।
তিনি জানান, জনস্বাস্থ্য রক্ষার্থে তাৎক্ষণিকভাবে কারখানা দুটির উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে এবং অবিলম্বে বায়ু দূষণ নিরোধক যন্ত্রপাতি স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
২৬ বছর ধরে পরিবেশ ছাড়পত্র ছাড়া ও দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ না করে কারখানা পরিচালনা করায় শিল্প এলাকার 'দিল্লী এলুমিনিয়াম ফ্যাক্টরীকে' তিন লাখ টাকা জরিমানা করা হয়।
মামুন জানান, অভিযানের চলাকালে শ্রমিক কর্মচারীদেরকে কারখানা থেকে নির্গত এ্যালুমিনিয়াম ডাস্ট (ধাতব বর্জ্য) এর মধ্যে কাজ করতে দেখা যায়, যা ব্যাপক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করছে। এ কারখানাকে অবিলম্বে দূষণ প্রতিরোধী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/১৯১৬ ঘ.
bdnews24