গাজীপুর, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় গ্যাস লাইনে বিস্ফারণ হয়ে তিনজন আহত হয়েছেন।
এ সময় কারখানাটির গ্যাস নিয়ন্ত্রণ কক্ষে আগুন ধরে এবং টিনের চাল উড়ে যায়। আগুনে গার্ডরুমের প্রয়োজনীয় কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের কম্পনে কারখানার মূল ভবনের জানালার কিছু কাচও ভেঙে যায়।
সোমবার ভোরে সিনাবহ (খানকা পাড়া) এলাকায় 'সাদাত কম্পোজিট নিট ইন্ডাট্রিজ' নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধ হয়েছেন কারখানার নিরাপত্তা কর্মী আব্দুর রউফ (৫৫), সাহেব আলী (৪০) ও সাজু (২৫)।
তদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
কারখানার নিজস্ব অগ্নিনির্বাপন সরঞ্জাম দিয়ে আগুন নেভানো হয়েছে।
কারখানার পরিচালক মো. মেহেদী হাসান বলেন, ভোর পৌনে ৫টার দিকে হঠাৎ কারখানার গ্যাস নিয়ন্ত্রণ কক্ষে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে যায়।
এতে প্রায় ৫০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
কারখানার লোকজন গ্যাসের মূল লাইন বন্ধ করে নিজস্ব অগ্নিনির্বাপন যন্ত্রপাতি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার পর কালিয়াকৈর দমকল বাহিনী এবং শিল্প পুলিশ ঘটনাস্থলে আসে।
কালিয়াকৈর দমকল কর্মকর্তা আ. সামাদ জানান, তিতাস গ্যাসের পাইপ লাইনের চেক বাল্বে বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৮ ঘ.
bdnews24