২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় দুটি পাটের গুদামে আগুন

খুলনার দৌলতপুরে দুটি পাটের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

খুলনা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার দৌলতপুরে দুটি পাটের গুদামে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে মহেশ্বরপাশা কালীবাড়ী এলাকার মোল্লা জুট ট্রেডিং কোম্পানি ও জিয়া জুট ট্রেডিং কোম্পানির গুদামে এ অগ্নিকাণ্ড ঘটে বলে অগ্নি-নির্বাপক বাহিনী ও পুলিশ জানিয়েছে। ক্ষতিগ্রস্ত গুদাম দুটির মালিক কর্তৃপক্ষ দাবি করেছে, আগুনে তাদের প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। দৌলতপুর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ সাংবাদিকদের জানান, প্রথমে মোল্লা জুট ট্রেডিং কোম্পানির গুদামে আগুন লাগে, পরে তা জিয়া জুট ট্রেডিং-এর গুদামে ছড়িয়ে পড়ে। খুলনা ফায়ার ব্রিগেডের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক গোলাম রহমান জানান, আগুনের খবর পাওয়ার পরপরই বয়রার দুটি, খালিশপুরের একটি এবং দৌলতপুরের একটিসহ ফায়ার ব্রিগেডের মোট চারটি ইউনিট কাজ শুরু করে। তবে বিকেল সাড়ে ৬টা পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গোলাম রহমান জানান, মোল্লা জুট ট্রেডিং কোম্পানির একটি গুদামে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তিনি জানান, অগ্নি-নির্বাপক বাহিনীর সদস্যরা ছাড়াও গুদামের প্রায় দুই শতাধিক কর্মী আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ক্ষয়ক্ষতির বিষয়ে গোলাম রহমান বলেন, "দুটি গুদামের প্রায় সব পাট পুড়ে গেছে। আমাদের টিম কাজ করছে। কাজ শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।" পাশেই রেজা জুট ট্রেডিং কোম্পানির আরেকটি গুদামে আগুন পৌঁছে গেলেও তা দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয় বলে ওসি শাহাবুদ্দিন আজাদ সাংবাদিকদের জানান। মোল্লা জুট ট্রেডিং কোম্পানির মালিক মোল্লা সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার গুদামে কমপক্ষে সাত কোটি টাকার পাট পুড়ে গেছে। আর জিয়া জুট ট্রেডিং-এর মালিক লিওন জিয়ার দাবি, তার গুদামে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৮৪১ ঘ.