চট্টগ্রাম, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ডের পাঁচছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচ জন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের সীতাকুণ্ড থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
হতাহতরা সকলেই বাসযাত্রী। নিহতদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম জয়নাল আবেদীন (৬০)। তার বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে।
পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, চট্টগ্রামমুুখী বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষের পর বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এমআই/১২২৩ ঘ.
bdnews24