২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে মে দিবসের সঙ্গীতানুষ্ঠানে হামলা, আহত ১০

সিলেটে মে দিবসের সঙ্গীতানুষ্ঠানে রোববার রাতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সংস্কৃতিকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 05:46 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

সিলেট, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে মে দিবসের সঙ্গীতানুষ্ঠানে রোববার রাতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন সংস্কৃতিকর্মীরা। হামলায় আহত হন অন্তত ১০ জন। এদের মধ্যে দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০ টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। মে দিবস উপলক্ষে কোর্ট পয়েন্ট এলাকায় 'মে দিনের গান' শীর্ষক গণ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন সংস্কৃতিকর্মীরা। অনুষ্ঠান আয়োজনকারী রতন দেব, তাজুল ইসলাম ও অর্ধেন্দু কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সঙ্গীতানুষ্ঠান চলাকালে রাত সাড়ে ১০টার দিকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্ল্যাকার্ড বহনকারী ২০/২৫ জনের একটি দল মিছিল নিয়ে অনুষ্ঠান মঞ্চে অতর্কিতে হামলা চালায়। তারা সাউন্ড সিস্টেম ও চেয়ার ভাংচুর করে। এরপর হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। এসময় ঘটনাস্থলে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সিলেটের সংস্কৃতিকর্মীরা ঘটনাস্থলে জড়ো হয়ে তাৎক্ষণিক এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতয়ালী থানার ওসি খন্দকার নওরোজ আহমদ জানান, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৩৮ ঘ.