রংপুর, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে বিএনপি সমর্থক যুবদলের এক নেতা খুন হয়েছে। হামলার পর তার কবজিও কেটে নেয় সন্ত্রাসীরা।
নিহত মোশাররফ হোসেন পদ্ম যুবদলের জেলা কমিটির সদস্য ছিলেন। রোববার প্রথম প্রহরে শহরের মুন্সিপাড়া মহল্লায় তার ওপর হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১২টার দিকে যুবদল নেতা পদ্ম তার দুই বন্ধুকে নিয়ে মটর সাইকেলে করে বাড়ি ফেরার পথে কেরামতিয়া স্কুলের কাছে সন্ত্রাসীদের কবলে পড়েন।
"ওঁৎ পেতে থাকা ৩/৪ জন সন্ত্রাসী চলন্ত মটর সাইকেলে থাকা অবস্থায় পদ্মর মাথায় আঘাত করলে সে মটর সাইকেল থেকে মাটিতে পড়ে যায়। এরপর পদ্মকে পিটিয়ে তার দুই হাতের কবজি কেটে নিয়ে চলে যায়।"
ওই সময় আশপাশের লোকজন ছুটে এলেও কেউ পদ্মকে উদ্ধার করতে সাহস পায়নি। খবর পেয়ে পুলিশ গিয়ে পদ্মকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত ১টার দিকে পদ্ম মারা যায়।
হত্যাকারীদের নাম জানা গেছে বলে এসআই চন্দন জানিয়েছেন। তবে তদন্তের স্বার্থে তিনি তা প্রকাশ করেননি। তিনি বলেন, "তারা (খুনিরা) মোবাইল ফোনে পদ্মের বন্ধুকে ফোন করে বলেছে, ওর হাতের কবজি তাদের কাছে আছে। খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"
যুবদল নেতা পদ্মের ওপর হামলার খবর শুনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান শামু, জেলা যুবদল সভাপতি রইছ আহাম্মেদ, সাধারণ সম্পাদক লাকুসহ সংগঠনের নেতা-কর্মীরা রাতেই হাসপাতালে ছুটে যান। তারা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন।
রইছ সাংবাদিকদের জানান, দলীয় ও পারিবারিকভাবে জানাজার পর পদ্মকে রোববার দাফন করা হবে।
কোতোয়ালি থানার ওসি হায়দার আলী মোল্লা জানান, পদ্মের লাশ রংপুর মেডিকেল কলেজ মর্গে রয়েছে। ময়না তদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় রোববার সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০২০ ঘ.
bdnews24