ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কওমী ও আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় করে একই ধারার ধর্মীয় শিক্ষা চালু করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
'জাতীয় শিক্ষানীতি: প্রেক্ষিত ধর্মীয় ও নৈতিক শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার সংস্কার ও উন্নয়ন' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ইসলামি ছাত্রসেনা।
সেমিনারে এক বক্তার বক্তব্যের জবাবে কামরুল ইসলাম বলেন, "কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা যাতে উগ্রপন্থী না হয়ে উঠে সেজন্য কওমী ও আলিয়া মাদ্রাসার শিক্ষার ব্যবস্থার মধ্যে সমন্বয় করে একই ধারার ধর্মীয় শিক্ষা চালু করা হবে।"
নারী উন্নয়ন নীতির বিরোধিতাকারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, "তারা (আমিনীরা) ধর্মীয় উম্মাদনা সৃষ্টি করতে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে আন্দোলন শুরু করেছে।"
ধর্মের অপব্যাখাকারীদের বিরুদ্ধে প্রকৃত আলেমদের এক হওয়ার আহ্বান জানান তিনি।
সেমিনারে আরো বক্তব্য দেন ইসলামিক ফন্ট্র বাংলাদেশের মহাসচিব জয়নুল আবেদীন জুবাইর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক আ ন ম রইছ উদ্দিন, ইসলামি ছাত্রসেনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এস এম কাউছার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২৩১৪ ঘ.
bdnews24